নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৫:২০ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের দুই দিন পর ফান্দাউক ইউনিয়নের কালী মন্দির সংলগ্ন বলভদ্র নদী থেকে মাহমুদুল ইসলাম বিশাল (২১) নামে এক কলেজছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত বিশাল ফান্দাউক গ্রামের নজরুল ইসলামের ছেলে এবং ঢাকার সিদ্ধেশ্বরী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।
পরিবারের বরাত দিয়ে জানা গেছে, শনিবার রাতে ওষুধ আনতে বাজারে যাওয়ার পর থেকে বিশাল নিখোঁজ ছিলেন।
স্থানীয়রা সোমবার সকালে নদীতে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) তানভীর আহমেদ জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তরুণ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ