জহিরুল হক রাসেল, কুমিল্লা
সেপ্টেম্বর ২২, ২০২৫, ০৮:৪৪ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুমিল্লা মহানগরীর বিভিন্ন পূজা মন্ডপের নিরাপত্তা পরিদর্শন ও সনাতন ধর্মালম্বীদের সাথে রোববার শুভেচ্ছা বিনিময় করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার মোহাম্মাদ নাজির আহমেদ খাঁন।
এই সময় পুলিশ সুপার পূজা মন্ডপের নিরাপত্তা ব্যবস্থা, মন্ডপের প্রবেশ ও প্রস্থান পথ, বিদ্যুৎ সংযোগ, সিসি ক্যামেরা স্থাপন এবং অগ্নি নির্বাপণ ব্যবস্থা পরিদর্শন করেন।
তিনি কমিটি কর্তৃক নিয়োজিত স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। এছাড়া পূজা উদযাপন কমিটিকে দায়িত্বশীল ভূমিকা পালন করে উৎসবকে শান্তিপূর্ণ ও আনন্দময় করার বিষয়ে সহযোগিতা করার অনুরোধ করেন।
পুলিশ সুপার সাধারণ জনগণ ও পূজা উদযাপনকারীদের আশ্বস্ত করে বলেন, “কুমিল্লা জেলা পুলিশ সর্বদা সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য রক্ষায় আপনাদের পাশে আছে। পূজা উদযাপনে নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই। সকল ধরনের অপপ্রচার, উসকানি বা গুজবের বিরুদ্ধে সতর্ক থাকুন। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোনো অনলাইন প্ল্যাটফর্মের খবর যাচাই-বাছাই না করে প্রতিক্রিয়া দেখানো এড়িয়ে চলুন। দুর্গাপূজাকে ঘিরে সর্বস্তরের মানুষ যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন করতে পারে, সেজন্য জেলা পুলিশের পক্ষ থেকে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।”
পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) পংকজ বড়ুয়া, কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ইএইচ