গুরুদাসপুর প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৫:১৮ পিএম
নাটোরের গুরুদাসপুরে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৮ সেপ্টেম্বর (রোববার) থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হবে।
এ উপলক্ষে গুরুদাসপুর পৌরসভা ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে মোট ৩৩টি পূজামণ্ডপে সাজসজ্জা ও প্রতিমা স্থাপনের কাজ চলছে।
গুরুদাসপুর পৌরসভার ১৪টি মণ্ডপে প্যান্ডেল ও আলোকসজ্জা করা হয়েছে। বিশেষ করে চাচঁকৈড় শান্তি ভারতী সংঘে প্রতিষ্ঠার ৫০ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য সাজসজ্জার মধ্য দিয়ে পূজার প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
এছাড়া নাজিরপুর ইউনিয়নে ৭টি, বিয়াঘাটে ২টি, মশিন্দায় ৫টি, ধারাবারিষায় ২টি এবং চাপিলা ইউনিয়নে ৩টি পূজামণ্ডপে সাজসজ্জার কাজ শেষ পর্যায়ে রয়েছে। আয়োজকরা জানিয়েছেন, শনিবার রাত কিংবা রবিবার সকালেই প্রতিমা স্থাপন করা হবে। প্রতিমা শিল্পীরা শেষ মুহূর্তে রঙের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের পরিবারে কেনাকাটা, নাড়ু-মুয়া তৈরিসহ আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।
উৎসবের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে রয়েছে। ইতোমধ্যেই গ্রাম পুলিশ, আনসার, থানা পুলিশসহ রিজার্ভ ফোর্স মোতায়েন করা হয়েছে এবং প্রতিটি মণ্ডপকে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।
গুরুদাসপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি ধীরেন্দ্র নাথ ঘোষ ও সাধারণ সম্পাদক অসীম কুমার পাল জানান, গত বছরের তুলনায় এবার একটি মণ্ডপ বৃদ্ধি পেয়েছে। উপজেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা বাহিনী তাদের সহযোগিতা করছে এবং প্রতিটি মণ্ডপে আর্থিক সহায়তাও প্রদান করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দুলাল হোসেন বলেন, “দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। থানা পুলিশ, গোয়েন্দা পুলিশ, ডিবি, ডিএসবি ও রিজার্ভ ফোর্স মাঠে কাজ করছে।”
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ বলেন, “শারদীয় দুর্গোৎসব উপলক্ষে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে কড়া নজরদারি রাখা হয়েছে। কয়েকটি মোবাইল কোর্ট টিমও কাজ করবে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী থাকবে। শান্তিপূর্ণভাবে উৎসব সম্পন্ন হবে বলে আমরা আশাবাদী।”
ইএইচ