দিরাই (সুনামগঞ্জ) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৮:৪৯ পিএম
সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের জাহানপুর গ্রামে আধিপত্য বিস্তারের সংঘর্ষে আহত টেঁটাবিদ্ধ নারী সরলা বেগম (৪৫) মারা গেছেন। তিনি জাহানপুর গ্রামের আলী আকবরের স্ত্রী।
গত সোমবার (২২ সেপ্টেম্বর) সকালে জাহানপুর গ্রামের দুই পক্ষ—গোলাপ মিয়া ও ফিরুজ মিয়ার মধ্যে দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ ঘটে।
খেয়া নৌকা পারাপারকে কেন্দ্র করে শুরু হওয়া এই ঝগড়ায় দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করা হয়। এতে নারী, পুরুষ ও শিশুসহ অন্তত ৩০ জন আহত হন। আহতদের মধ্যে ১০ জনকে গুরুতর অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরে উন্নত চিকিৎসার জন্য সরলা বেগমকে ঢাকায় স্থানান্তর করা হয়।
শুক্রবার সকালে ঢাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
সরলা বেগমের মৃত্যু সংবাদে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রতিবাদে গোলাপ মিয়ার লোকজনের বাড়িতে হামলা ও একজন নারীকে মারধরের ঘটনা ঘটে। আহত নারী মাসুক বিবি (৫৫) গোলাপ মিয়া গ্রুপের বলে জানা গেছে।
দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, সরলা বেগমের মৃত্যুর খবর পাওয়ার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।
ইএইচ