কাউনিয়া (রংপুর) প্রতিনিধি
সেপ্টেম্বর ২৭, ২০২৫, ১০:৫১ এএম
রংপুরের কাউনিয়ায় নিখোঁজের একদিন পর মাটিচাপা দেওয়া অবস্থায় ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোবারক আলীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
শুক্রবার রাতে স্থানীয় মমিনুল ইসলামের বাড়ির পেছন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। মোবারক আলী কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের চর গনাই এলাকার ইব্রাহিমের ছেলে এবং টেপামধুপুর ইউনিয়ন কৃষকদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত এশার নামাজ পড়তে বের হয়ে মোবারক আলী আর বাড়ি ফেরেননি। পরে তার ব্যবহৃত মোবাইল ফোন টি স্থানীয় মমিনুলের বাড়ির পাশে একটি ধানক্ষেত থেকে উদ্ধার করে, এরপর এলাকাবাসীর সন্দেহ হলে খোঁজাখুঁজির এক পর্যায়ে প্রতিবেশী মমিনুলের বাড়ির পাশে আলগা মাটি দেখতে পান তারা। এ সময় মমিনুল পালিয়ে যায়। পরে লোকজন মাটি খুঁড়তে গেলে কাপড়ে মোড়ানো মরদেহের অংশ বিশেষ বের হয় এবং দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে, মোবারক আলীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল লতিফ শাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় নজরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে।
জেএইচআর