ইলিয়াছ সুমন, সন্দ্বীপ
সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৩:৩৫ পিএম
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে জনস্বাস্থ্য হুমকির মুখে পড়েছে—বিশেষ করে উপকূলীয় এলাকায়। এ অবস্থায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় জলবায়ুজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় করণীয় বিষয়ে এক বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
রোববার সকালে উপজেলার ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের মিলনায়তনে ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির আয়োজনে এ কর্মশালাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মানস বিশ্বাস।
কর্মশালায় বক্তব্য রাখেন মেডিকেল অফিসার ডা. আশরাফুর রহমান নাদিম, এসডিআই-এর ক্লাইমেট চেইঞ্জ অ্যান্ড রেজিলিয়েন্স প্রকল্পের কমিউনিটি মোবিলাইজার সাংবাদিক বাদল রায় স্বাধীন, ব্র্যাকের প্রোগ্রাম অফিসার মনির হোসেন এবং উপজেলা স্বাস্থ্য বিভাগের TLCA মো. রাসেল।
বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে ঘূর্ণিঝড়, লবণাক্ততা, বন্যা, অতিরিক্ত গরম ও খরার মতো প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে। এসবের প্রভাবে ডায়রিয়া, ডেঙ্গু, ম্যালেরিয়া, ত্বকের রোগ ও শ্বাসকষ্টসহ নানা রোগ বৃদ্ধি পাচ্ছে। উপকূলীয় অঞ্চলের মানুষ এসব ঝুঁকিতে সবচেয়ে বেশি ভুগছে।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব থেকে রক্ষা পেতে জনসচেতনতা বৃদ্ধি, স্বাস্থ্যখাতের প্রস্তুতি ও স্থানীয় পর্যায়ে সমন্বিত উদ্যোগ নেওয়া জরুরি। পাশাপাশি ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর জন্য সহজলভ্য ও দ্রুত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে।
কর্মশালায় আরও উপস্থিত ছিলেন স্বাস্থ্য সহকারী সুফিয়ান মানিক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক মাহফুজা বেগম, স্বাস্থ্য সহকারী মো. ইকবাল হোসেন, মো. সাইফুল ইসলাম, মো. মাছুম, হাবিবুর রহমান, হাফেজ শাখাওয়াত, মো. আকবর হোসাইন, মো. আবু তাহের ও শিরিন আক্তার।
এছাড়া জনপ্রতিনিধি, বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও কর্মশালায় অংশগ্রহণ করেন। সবাই জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
ইএইচ