গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
অক্টোবর ১, ২০২৫, ০৮:০০ পিএম
নাটোরের গুরুদাসপুরে বাল্যবিয়ে নিরোধ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এক বাল্যবিয়ের বরকে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বুধবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহমিদা আফরোজ এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার কুমারখালী গ্রামের মো. বাহারুল ইসলাম (পিতা- মো. নবির উদ্দিন, মাতা- মোছা. রেজেনা বেগম)-এর সাথে নাজিরপুর নতুনপাড়ার নাবালিকা কন্যা মোছা. ইতি খাতুন (পিতা- মো. শামসুন হক, মাতা- মোছা. খাদিজা বেগম)-এর বিয়ের আয়োজন চলছিল।
গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ে বন্ধ করে দেন এবং আইন অনুযায়ী বরকে দুই মাসের কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা প্রদানের আদেশ দেন।
সহযোগিতায় ছিলেন, গুরুদাসপুর থানা পুলিশের একটি টিম ও আনসার বাহিনী।
এ সময় ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “বাল্যবিয়ে একটি সামাজিক অভিশাপ। এ ধরনের অপরাধে কাউকেই ছাড় দেওয়া হবে না। সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।”
ইএইচ