গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি
অক্টোবর ৫, ২০২৫, ০৮:১৫ পিএম
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দানেজ মোল্লার ছেলে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক জব্বার মোল্লা (৬২) সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।
জানা গেছে, শনিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী জেলা ফরিদপুর সদর উপজেলার মমিন খারহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জব্বার মোল্লা রিকশাযোগে নিজ বাড়িতে ফেরার পথে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে রাতেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও অবস্থার অবনতি ঘটলে তাকে আইসিইউ বিভাগে নেওয়া হয়। শেষ পর্যন্ত রোববার বিকেল সাড়ে ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র, এক কন্যা ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ইএইচ