জহিরুল হক রাসেল, কুমিল্লা
অক্টোবর ৯, ২০২৫, ০৪:৪৯ পিএম
কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় ১ লাখ ২২ হাজার ৫৫ জন শিশু-কিশোর পাচ্ছেন টাইফয়েড টিকা।
বৃহস্পতিবার কুমিল্লা সিটি কর্পোরেশনের অতিন্দ্রমোহন রায় মিলনায়তনে সংবাদ সম্মেলনে এসব তথ্য দেন সিটি কর্পোরেশনের টিকাদান কর্মসূচি উপস্থাপনকারী ডা. মারিয়া পারভীন।
তিনি জানান, ১২ অক্টোবর থেকে ১৮ কার্যদিবস টিকা কার্যক্রম চলবে। প্রথম ১০ (দশ) দিনে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের টিকা প্রদান করা হবে। পরবর্তী ০৮ (আট) দিনে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের বিনামূল্যে ০১ (এক) ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকা দেওয়া হবে।
এবছর ৪৫টি ইপিআই টিকাদান কেন্দ্রে টিকার লক্ষ্যমাত্রা ১ লাখ ২২ হাজার ৫৫ জন। এর মধ্যে প্রাক-প্রাথমিক থেকে ৯ম শ্রেণি/সমমান শ্রেণির অধ্যয়নরত ছাত্র-ছাত্রী ৮৮ হাজার ৫৫৬ জন। পরবর্তী ০৮ (আট) দিনে শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশু-কিশোরদের টিকা প্রদান করা হবে, যা সংখ্যা ৩৩ হাজার ৪৯৯ জন। বর্তমানে ৪২ হাজার ১৯৫ জন ইতিমধ্যে টিকার জন্য রেজিস্ট্রেশন করেছেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা মো. আবু সায়েম ভূইঁয়া।
এ সময় আরও উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. চন্দনা রানী, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক, সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. জহিরুল ইসলামসহ জেলার কর্মরত সাংবাদিকবৃন্দ।
ইএইচ