ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জুলাই যোদ্ধা অপমানের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

অক্টোবর ১১, ২০২৫, ০৭:০৭ পিএম

জুলাই যোদ্ধা অপমানের জেরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

ময়মনসিংহে গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হানকে নিয়ে কটূক্তির ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। পরিবহন শ্রমিকদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্রদের সংঘর্ষ ও বাগবিতণ্ডার জেরে গতকাল শুক্রবার রাত থেকে বন্ধ হয়ে যায় ঢাকা-ময়মনসিংহ রুটের বাস চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ যাত্রীরা।

বৈষম্যবিরোধী ছাত্রদের অভিযোগ, শুক্রবার বিকেলে হালুয়াঘাটের বাসিন্দা এবং গেজেটভুক্ত জুলাইযোদ্ধা আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য ময়মনসিংহ নগরীর মাসকান্দা বাস টার্মিনালে আসেন। সেখানে ইউনাইটেড পরিবহনের একদল শ্রমিক তাকে ‘জুলাইযোদ্ধা’ বলে কটূক্তি করেন। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে আবু রায়হানকে বাস থেকে নামিয়ে দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা রাতেই মাসকান্দা ইউনাইটেড বাসস্ট্যান্ডের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। তারা আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনসহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানান।

শনিবার দুপুরের পরপরই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বৈষম্যবিরোধীদের অবস্থানের প্রতিবাদে পরিবহন শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী সব ধরনের যান চলাচল বন্ধ করে দেন। ফলে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, আটকা পড়ে অসংখ্য যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাক।

ময়মনসিংহ থেকে ঢাকা অভিমুখী যাত্রীরা জানান, হঠাৎ বাস চলাচল বন্ধ হয়ে যাওয়ায় তারা চরম দুর্ভোগে পড়েছেন। কেউ কেউ বিকল্প পথে ভ্যানে, মোটরসাইকেলে কিংবা ছোট যানবাহনে গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিকেলে পুলিশ সুপার, জেলা প্রশাসক ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যান। পরে প্রশাসনের হস্তক্ষেপে দুই পক্ষকে আলোচনায় বসানো হয় এবং সন্ধ্যার দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ময়মনসিংহ জেলা সদস্য সচিব আলী হোসেন বলেন, “জুলাইযোদ্ধা আবু রায়হানের প্রতি যে আচরণ করা হয়েছে, তা মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই অভ্যুত্থানের সম্মানিত যোদ্ধাদের প্রতি চরম অবমাননা। আমরা ফ্যাসিস্ট সরকারের দোসর ও পরিবহন মাফিয়া ডন আমিনুল হক শামীমের সব বাস অবিলম্বে বন্ধ ও তাকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।”

তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা ফ্যাসিষ্ট আমিনুল হক শামীম জুলাই অভ্যুত্থানের শহীদ সাগর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তার মালিকানাধীন প্রায় ১৬টি বাস ঢাকা-ময়মনসিংহ রুটে চলাচল করে, যা অবিলম্বে বন্ধ রাখতে হবে।

অন্যদিকে, ইউনাইটেড পরিবহনের শ্রমিকরা অভিযোগ অস্বীকার করে জানান, আবু রায়হানের সঙ্গে সামান্য কথাকাটাকাটি হলেও পরে বিষয়টি রাজনৈতিকভাবে বড় করে তোলা হয়েছে।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা জানান, যাত্রীদের দুর্ভোগ কমাতে প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চেষ্টা চলছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত (শনিবার সন্ধ্যা ৭টা) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বাভাবিক যান চলাচল পুরোপুরি শুরু হয়নি। যাত্রীরা এখনো টার্মিনালে অবস্থান করছেন, কেউ অপেক্ষায়, কেউ আবার বিকল্প পথে গন্তব্যে রওনা দিয়েছেন।

জেএইচআর

Link copied!