ওসমান হোসাইন, কর্ণফুলী (চট্টগ্রাম)
অক্টোবর ১১, ২০২৫, ০৯:০০ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাংলাদেশ কোস্ট গার্ড ও জেলা মৎস্য দপ্তরের যৌথ অভিযানে প্রায় ৩ হাজার কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করা হয়েছে।
শনিবার গভীর রাতে পরিচালিত এ অভিযানে একটি আর্টিসানাল বোট আটক করা হয়।
জেলা মৎস্য কর্মকর্তা সালমা বেগমের নির্দেশনা ও কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়।
অভিযানে অংশ নেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী জাহেদ আহমেদ এবং বাংলাদেশ কোস্ট গার্ড পূর্বজোন চট্টগ্রামের কর্মকর্তারা।
উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আব্দুল আলীম বলেন, “নিষিদ্ধ সময়কালে মাছ আহরণ রোধে নিয়মিত অভিযান চলছে। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
অভিযান চলাকালে কর্ণফুলী নদী থেকে ৪৭টি ড্রামে সংরক্ষিত মাছ উদ্ধার করা হয়। সামুদ্রিক মৎস্য আইন, ২০২০ অনুযায়ী, জব্দকৃত মাছের সমমূল্যের ২ লাখ ১৩ হাজার ৯২৫ টাকা জরিমানা প্রশাসনিকভাবে আদায় করা হয়েছে।
পরে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের সহযোগিতায় জব্দ মাছগুলো বিভিন্ন এতিমখানা ও অসহায় পরিবারের মধ্যে বিতরণ করা হয়।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, কর্ণফুলী নদীতে অবৈধ মাছ আহরণ ও পাচার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
ইএইচ