নজরুল ইসলাম মুকুল, কুষ্টিয়া
অক্টোবর ১৫, ২০২৫, ০২:৩৫ পিএম
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কুষ্টিয়া জেলা বিএনপির নেতারা গ্রাম থেকে শহর চষে নিজেদের দখলে রেখেছে পুরো মাঠ।
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা” এর পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে সাধারণ জনগণের আস্থা কুড়াতেও সক্ষম হয়েছেন দলীয় নেতারা।
কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দিন আহমেদ ও সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার তাদের দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে ৩১ দফা বিলির পাশাপাশি দলীয় স্লোগানে সাধারণ মানুষকে উদ্দীপ্ত করে চলেছেন। চারদিকে ধানের শীষের জোয়ার বয়ে যাচ্ছে।
ছাত্র-জনতা কাঁধে কাঁধ মিলিয়ে তারেক রহমানের ৩১ দফাকে বুকে ধারণ করে ব্যাপক প্রচারে ব্যস্ত সময় পার করছে।
সাধারণ জনগণ ধারণা করছেন, এবারের সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ সদর আসনে যোগ্য প্রার্থী হিসেবেই প্রকৌশলী জাকির হোসেনকে বেছে নেবেন তারেক রহমান।
আব্দালপুর এলাকার কৃষক আলিম বলেন, “প্রকৌশলী জাকির হোসেন বিএনপির হালধরা হিসেবে সাধারণ মানুষের মাঝে বিএনপি জেগে উঠেছে। যে বিএনপি ঝিমিয়ে ছিল, সেই বিএনপি এখন পূর্বের চেয়ে আরও শক্তিশালী রূপ নিয়েছে। তাই আমি বলবো, জাকিরকে মনোনয়ন দিলে বিপুল ভোটে জয়লাভ করবে। আর তা না হলে জামায়াত প্রার্থী এই আসনে জয়লাভ করার সম্ভাবনা রয়েছে।”
হরিনারায়ণপুর এলাকার ব্যবসায়ী আবেদ আলী বলেন, “বর্তমানে যা দেখছি তাতে জাকির সরকার মনোনয়ন পেলে এই আসনে বিএনপি জিতবে। তিনি এখন একা নন, এই আসনের অধিকাংশ মানুষ তার পক্ষেই কথা বলছে। তিনি জনগণের বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেছেন।”
কুষ্টিয়া শহরের বাসিন্দা আবেদ রহমান বলেন, “ঘুম থেকে উঠেই রাস্তায় এলেই জাকির সরকারের নামের আওয়াজ শোনা যাচ্ছে। দলকে সুসংগঠিত করতে তিনি ৩১ দফা নিয়ে মাঠে নামায় বিএনপি এখন সাধারণ জনগণের মুখে মুখে। তাতে মনে হচ্ছে, জাকিরের বিকল্প আর কেউ তৈরি হয়নি।”
তবে তিনি আরও বলেন, “এবার জামায়াতে ইসলামী প্রার্থীকেও ছোট করে দেখার সুযোগ নেই। তারাও বেশ শক্তিশালী রূপ নিচ্ছে। সব মিলিয়ে জাকির সরকার প্রার্থী হলে তিনিই জিতবেন।”
এদিকে জাকির সরকারও কাকডাকা ভোর থেকে থেমে নেই; ছুটছেন সাধারণ মানুষের দ্বারে দ্বারে। ৩১ দফা সাধারণ মানুষের মাঝে পৌঁছে দিতে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে এলাকা চষে বেড়াচ্ছেন তিনি। মনে হচ্ছে, এ যেন ভোটের আমেজ।
জাকির সরকারের পাশাপাশি বিএনপির সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাব উদ্দীন, ব্যারিস্টার তারিক বিন আজিজও মাঠে নেমেছেন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামত প্রচারণা নিয়ে।
অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজাও থেমে নেই। ওয়াজ মাহফিল ও সাপ্তাহিক শুক্রবারের জুম্মার নামাজের মধ্য দিয়ে তার পক্ষে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন তিনি। জনসমর্থনও বাড়ছে, ফলে তাকেও হেলাফেলা করা যাচ্ছে না। তিনিও দিনদিন শক্তিশালী প্রার্থী হিসেবে পরিচিতি লাভ করছেন।
সব মিলিয়ে কুষ্টিয়ার রাজনৈতিক মাঠ এখন বিএনপি পক্ষে, আর কেন্দ্রবিন্দুতে রয়েছেন প্রকৌশলী জাকির হোসেন সরকার।
ইএইচ