ঠাকুরগাঁও প্রতিনিধি
অক্টোবর ১৬, ২০২৫, ১১:০২ পিএম
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “ঢাকা শহরে যাওয়া যায় না। এই রাস্তা বন্ধ, ওই রাস্তা বন্ধ, আন্দোলন, আন্দোলন। এই দুর্বল সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, ওর পেছনে কোনো লোক নেই। তাদের উদ্দেশ্য একটাই—নির্বাচন যেন না হয়।”
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের দানার হাটে ইউনিয়নবাসীর সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, “জনগণ ভোট দিতে চায়, তাদের জনপ্রতিনিধি নির্বাচিত করতে চায়। এখানে আমরা কোনো আপস করবো না। জনগণের ভোট দেওয়ার সুযোগ নতুনভাবে তৈরি হয়েছে। সামনের ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। বিএনপি ৩১ দফা সংস্কারের প্রস্তাব দিয়েছে। সরকার যা করছে, তা সঠিক নয়। কিছু দল পিআর নিয়ে চিৎকার করছে, কিন্তু ভোট হবে এক ব্যক্তি এক ভোট। যা মানুষ বোঝে না তা কেন হবে?”
তিনি আরও বলেন, “বিগত সরকারের সময় বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার জন্য দেনদরবার করেছি। কিন্তু প্রধানমন্ত্রী বলেছেন, পদ্মাসেতু থেকে টুস করে ফেলে দেবেন বেগম জিয়াকে। প্রতিহিংসা নয়, মানুষের ভালোবাসা অর্জন করবে বিএনপি।”
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন তুহিনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
ইএইচ