ইলিয়াস সানি, তজুমদ্দিন (ভোলা)
অক্টোবর ১৯, ২০২৫, ০৪:০১ পিএম
ভোলার তজুমদ্দিন উপজেলার স্লুইসগেট এলাকায় অবস্থিত মৎস্য আড়তে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ছোট-বড় ১৯টি মৎস্য আড়ৎ ব্যবসায়ী দোকানঘর ও পাশের বরফ কারখানার কিছু অংশ সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে।
প্রাথমিক হিসেবে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১ কোটি টাকা বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
রোববার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হঠাৎ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। স্থানীয়রা পানি ও বালতি নিয়ে আগুন নেভানোর চেষ্টা করেও ব্যর্থ হন।
খবর পেয়ে তজুমদ্দিন উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তজুমদ্দিন মৎস্য আড়ৎদার সমিতির সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, “ভোর রাতে সাড়ে ৪টার দিকে খবর পাই মাছ ঘাটে আগুন লেগেছে। আমরা সবাই দৌড়ে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করলেও কিছুই বাঁচানো যায়নি। ফায়ার সার্ভিস আসার আগেই দোকানগুলো পুড়ে ছাই হয়ে যায়। প্রশাসন যদি আমাদের সহযোগিতা করে, তাহলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আবার ঘুরে দাঁড়াতে পারবে।”
তজুমদ্দিন ফায়ার সার্ভিসের টিম লিডার মো. মুখলেসুর রহমান জানান, “ভোর ৫টা ৮ মিনিটে আমরা খবর পাই স্লুইসগেট মাছঘাটে আগুন লেগেছে। তাৎক্ষণিক একটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নির্ধারণের কাজ চলছে।”
অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ব্যবসায়ীরা জানান, দোকানঘর ছাড়াও মাছ রাখার বরফ, কাঠের বাক্স, ইঞ্জিন, ওজন মেশিনসহ মূল্যবান মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে তাদের ব্যবসায়িকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয়েছে।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসনের জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।
ইএইচ