বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
অক্টোবর ১৯, ২০২৫, ০৬:৫৯ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর এলাকায় অভিযান চালিয়ে ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকার ভারতীয় অবৈধ চোরাচালানী পণ্য জব্দ করেছে সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি)।
রোববার দুপুরে বিজিবি'র পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, রোববার সকাল সাড়ে পাঁচটায় সিলেট হতে ব্রাহ্মণবাড়িয়া বিশ্বরোড হয়ে ঢাকায় যাওয়ার সময় সন্দেহজনক একটি পিকআপ চম্পকনগর এলাকায় থামানো হয় এবং তল্লাশি করা হয়। অভিযানে সন্দেহজনক পিকআপটি তল্লাশি করে লুকায়িত অবস্থায় ১৫,১৯২ পিস মোবাইল ফোনের ডিসপ্লে, ১০৭ পিস উন্নতমানের কম্বল এবং ১টি পিকআপ আটক করা হয়।
আটককৃত মালামালের বাজার মূল্য ১২ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।
আটককৃত অবৈধ ভারতীয় চোরাচালানী মালামালগুলো আখাউড়া কাস্টমস অফিসে জমা দেওয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর ও হবিগঞ্জের মাধবপুর সীমান্ত দিয়ে যাতে কোনো প্রকার অবৈধ চোরাচালান ও মাদক দ্রব্য দেশে প্রবেশ করতে না পারে, সে ব্যাপারে আমরা দৃঢ়প্রতিজ্ঞ। সীমান্তে চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ