জহিরুল হক রাসেল, কুমিল্লা
অক্টোবর ১৯, ২০২৫, ০৯:১৯ পিএম
২৭ মামলা কার্যকরসহ ৭ দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ১ ঘণ্টার কর্মবিরতি পালন করেছে কুমিল্লা সড়ক ও জনপদ বিভাগের শ্রমিক ইউনিয়নের কর্মচারী নেতৃবৃন্দের নেতৃত্বে।
রোববার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করা হয়। এটি ছিল কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা বিভাগের কর্মসূচি।
কর্মবিরতিতে উপস্থিত কর্মচারীরা বলেন, দীর্ঘদিন ধরে দাবি জানানো হলেও এখনো কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী তারা কর্মবিরতি পালনে বাধ্য হয়েছেন। এ সময় তারা ৭ দফা দাবি গণমাধ্যমের সামনে তুলে ধরেন।
সাত দফা দাবি সমূহ
১. ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে।
২. সওজের সকল মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের ‘৩২১১১০৪’ এ আনুষঙ্গিক প্রতিষ্ঠান কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে।
৩. সওজের সকল মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিলপূর্বক অবিলম্বে রাজস্বখাতে আনয়ন করতে হবে।
৪. তৃতীয় ও চতুর্থ শ্রেণীর সকল নিয়মিত শ্রমিক কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণসহ যোগ্যতার ভিত্তিতে পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
৫. সওজের কর্মরত মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা/২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করতে হবে।
৬. সওজের সকল শ্রমিক কর্মচারীদের পদ সুনিশ্চিত করে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন করে মন্ত্রণালয়ে প্রস্তাব প্রেরণ করতে হবে।
৭. সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পে কর্মরত শ্রমিক কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রণয়ন করে প্রকল্প হস্তান্তরের পরে রাজস্বখাতে আনয়ন করতে হবে এবং সকল উন্নয়ন প্রকল্পে ভেন্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে।
এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুমিল্লা জেলা আঞ্চলিক সংসদের প্রধান উপদেষ্টা মো. আরিফুর রহমান।
এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুমিল্লা জেলা আঞ্চলিক সংসদের সভাপতি আব্দুল্লাহ মো. আল মামুন, শ্রমিক ইউনিয়নের সিনিয়র সহ-সভাপতি মো. আব্দুল খালেক, শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. মোবারক হোসেন ভূঁইয়া, শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মো. দেলোয়ার হোসেন, শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা মো. মহিদুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন মো. সবুর এ আলম সবুজ।
বক্তারা বলেন, সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল শ্রমিক কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনসহ ২৭ মামলার নীতিমালা চূড়ান্তকরণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার জোরালো দাবি জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কুমিল্লা জেলা আঞ্চলিক সংসদের সহ-সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন, দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল হাদী, সাংস্কৃতিক সম্পাদক ফখরুল আরেফিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ