কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
অক্টোবর ২০, ২০২৫, ০৮:৫৯ পিএম
গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়।
সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সূত্রাপুর ইউনিয়নের জিএমএস টেক্সটাইল গার্মেন্টসের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ব্যস্ত সড়কে চলন্ত অবস্থায় হঠাৎ অ্যাম্বুলেন্সটির ইঞ্জিনের অংশে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে চালক দ্রুত গাড়ি থামিয়ে নিরাপদে নেমে পড়েন। কিছুক্ষণের মধ্যেই পুরো অ্যাম্বুলেন্সটি আগুনে পুড়ে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করলেও সিলিন্ডার বিস্ফোরণের আশঙ্কায় কেউ কাছে যেতে সাহস পাননি।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৭টা) আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মকর্তা ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে। আগুনের সূত্রপাত প্রাথমিকভাবে নিশ্চিত নয়, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
ঘটনাস্থলে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ইএইচ