গোলাম কিবরিয়া সোহেল, নেত্রকোণা
অক্টোবর ২১, ২০২৫, ০১:৩৩ পিএম
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল কর্মচারীদের বেতন সমস্যা নিরসন করাসহ, ২৭ মামলার নীতিমালা চূড়ান্ত করণ এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে নেত্রকোণায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত নেত্রকোণা সড়ক বিভাগে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদ, নেত্রকোণা এই কর্মসূচি'র আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা ২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত কর্মচারীদের ১ম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে। সওজ এর সকল মাস্টার রোল কর্মচারীদের ‘৩২১১১০৪ আনুষঙ্গিক কর্মচারী প্রতিষ্ঠান’ কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে। সওজের সকল মাস্টার রোল কর্মচারীদের বয়স ও শিক্ষাগত যোগ্যতা শিথিল পূর্বক অবিলম্বে রাজস্ব খাতে আনয়ন করা, ৩য় ও ৪র্থ শ্রেণির সকল নিয়মিত কর্মচারীদের দ্রুত স্থায়ীকরণ সহ পদোন্নতি প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
বক্তারা আরও বলেন, সওজ এর কর্মরত মাস্টাররোল কর্মচারীদের দৈনিক সাময়িক শ্রমিক নীতিমালা ২০২৫ এ অন্তর্ভুক্ত করা বন্ধ করে সওজ এর সকল কর্মচারীদের পদ সুনিশ্চিতের মাধ্যমে ট্রেড ইউনিয়ন প্রতিনিধিদের সমন্বয়ে সাংগঠনিক কাঠামো পুনর্গঠন প্রস্তাব প্রেরণ করা। সওজ অধিদপ্তরের উন্নয়ন প্রকল্পের কর্মরত কর্মচারীদের পূর্ণাঙ্গ ডাটাবেইজ প্রণয়ন করে প্রকল্প হস্তান্তর করার পরে রাজস্ব খাতে আনয়ন করা এবং সকল উন্নয়ন প্রকল্পে ভ্যান্ডারের মাধ্যমে গাড়ি ভাড়া বন্ধ করতে হবে বলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, নেত্রকোণা সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন, জেলা সংসদের সভাপতি সনজিত কুমার ঘোষ, সাধারণ সম্পাদক মো. আবুল হাসান হাসেম, সাংগঠনিক সম্পাদক মো. সুজন মিয়া, সিনিয়র সহ সভাপতি খন্দকার পান্না আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন মিয়া ও প্রচার সম্পাদক মো. জসিম উদ্দিন প্রমুখ।
জেএইচআর