মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি
অক্টোবর ২৯, ২০২৫, ০৯:২৫ পিএম
সুনামগঞ্জের মধ্যনগরে গুড়াডোবা বিলের সৃষ্ট ঘটনার জেরে হামলা মামলাকে কেন্দ্র করে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মধ্যনগর উপজেলা সদরে এলাকাবাসীর ব্যানারে মধ্যনগর সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির অফিস ভাঙচুর, কর্মীদের ওপর হামলা ও দোকানপাট ভাঙচুরের প্রতিবাদে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষুব্ধ জনতা বক্তব্যে বলেন, গুড়াডোবা বিলে সংঘর্ষ হয় বড়খাপন ও কল্লাপুর এলাকার লোকজনের সঙ্গে। ঐ সংঘর্ষে আমাদের একাধিক মানুষকে অযথা মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে এবং আমরা আদালতের মাধ্যমে জামিনে আসি।
উপরোক্ত ঘটনার জেরে বিক্ষোভকারীরা ব্যানার, স্লোগান ও বক্তব্যে তুলে ধরেন মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদারের নির্দেশে তার অনুসারীরা গতকাল মধ্যনগর টুকেরবাজারস্থ বিএনপির অফিস ভাঙচুর, হামলা ও দোকান লুটপাটের ঘটনা ঘটিয়েছে।
উন্মুক্ত বিলাংশের দাবিদারদের পক্ষে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলের মাধ্যমে এহেন কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে মো. মোসাহিদ তালুকদারের অপসারণ দাবি করেন বিক্ষুব্ধ জনতা।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. এমদাদুল হক, মো. ইদ্রিছ আলী, পরেশ সরকার, আব্দুল মজিদ প্রমুখ।
এ বিষয়ে মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসাহিদ তালুকদারের সঙ্গে কথা বললে তিনি গণমাধ্যমকে বলেন, “ইজারাকৃত বিল নিয়ে একটি ঝামেলা হয়েছিল, যা মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে সমাধানও হয়েছে। টুকেরবাজারে দুটি অফিস রয়েছে একটি ৬নং ওয়ার্ডের, অন্যটি ৫ ও ৬নং ওয়ার্ডের। তাদের লোকজন জামিনে এসে ৫/৬নং ওয়ার্ড বিএনপির আঞ্চলিক অফিসসহ ছবি ভাঙচুর ও কয়েকটি দোকানে হামলা চালিয়েছে। আমার বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা ও বানোয়াট। আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য এসব কর্মকাণ্ড চালাচ্ছে একটি পক্ষ।”
ইএইচ