সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
নভেম্বর ৩, ২০২৫, ০৫:১৩ পিএম
জামালপুরের সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় ষ্টোররুমে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কাগজপাতিসহ হাসপাতালের প্রয়োজনীয় মালামাল পুড়ে গেছে বলে জানা গেছে। ষ্টোর রুমের পাশেই ছিলো অপারেশন থিয়েটার।
সোমবার সকাল ১১টার দিকে সরিষাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দোতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
হাসপাতাল সূত্রে জানা যায়, সকাল ১১টার দিকে হঠাৎ করে অপারেশন থিয়েটারের পাশে একটি ছোট ষ্টোররুমে আগুনের সূত্রপাত হয়। পরে ষ্টোর রুমের পাশে স্তুপ করে রাখা ওষুধের খালি কার্টনে আগুন ছড়িয়ে পড়ে।
তাৎক্ষণিক হাসপাতালের নার্স ও কর্মচারিরা আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এতে কালো ধোয়ায় হাসপাতাল ছেয়ে যায়। পরে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।
এ আতংকে শিশু ওয়ার্ড ও নারী-পুরুষ ওয়ার্ডের ভর্তি রোগিরা তাড়াহুড়া করে নিচে নেমে আসে। এ সময় অপারেশন থিয়েটারে (ওটি) রত্না নামে এক মেয়ে সিজারের অপারেশনের মধ্যে ছিলেন। আগুন লাগার পরপরই সিজারের মাধ্যমে একটি নবজাতক ছেলে সন্তান ভুমিষ্ট হয়। পরে তাড়াহুড়া করে নবজাতক শিশু ও মাকে সুস্থ অবস্থায় কেবিনে স্থানান্তর করা হয়।
ঘটনা শুনে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
এ ঘটনায় সরিষাবাড়ী ফায়ার সার্ভিস ষ্টেশনের সিনিয়র কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, “মনে হয় টানা কয়েক দিন ষ্টোর রুমে একটি বাল্ব জ্বালিয়ে রাখা হয়েছিল। এর ফলে বৈদ্যুতিক শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হতে পারে।”
হাসপাতালের কর্মকর্তা ডা. দেবাশীষ রাজবংশী বলেন, “হাসপাতালের দোতলায় অপারেশন থিয়েটারের পাশে একটি ছোট সাফ ষ্টোর রুমে হঠাৎ করে আগুন ও কালো ধোয়া দেখতে পাই। পরে আমার কর্মচারী নার্স সবাই উপরে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। এরপর ফায়ার সার্ভিসের লোক এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুন কেমন লাগছে তা আমি বুঝতে পারছি না।”
উপজেলা নির্বাহী অফিসার মোহছেন উদ্দিন সাংবাদিকদের বলেন, “হাসপাতালের ষ্টোর রুমে আগুন কিভাবে লাগল তা খতিয়ে দেখতে ৫ সদস্যের একটি তদন্ত টিম গঠন করা হবে। এই টিমে উপজেলা প্রশাসনের একজনসহ ফায়ার সার্ভিস, পুলিশ, পিডিবি ও একজন ডাক্তারকে প্রতিনিধি রাখা হবে।”
ইএইচ