ইলিয়াছ সুমন, সন্দ্বীপ
নভেম্বর ৩, ২০২৫, ০৫:১৯ পিএম
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে গ্রাম আদালত বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ৩ ও ৪ নভেম্বর আয়োজিত এ প্রশিক্ষণে অংশ নেন গাছুয়া ও আমানউল্যা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ।
প্রশিক্ষণে গ্রাম আদালতের আইন, বিধি ও কার্যপ্রণালী নিয়ে হাতে-কলমে দিকনির্দেশনা প্রদান করা হয়, যাতে ইউনিয়ন পরিষদ সদস্যরা গ্রাম আদালতের কার্যক্রম আরও দক্ষতার সঙ্গে পরিচালনা করতে পারেন।
রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ থানার তদন্ত কর্মকর্তা, যিনি গ্রাম আদালতের মামলা নিষ্পত্তি ও আইনগত প্রক্রিয়া বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। প্রশিক্ষণ পরিচালনা করেন উপজেলা সমন্বয়কারী (গ্রাম আদালত) মো. মহি উদ্দীন।
প্রশিক্ষণটি উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয়। তিনি কোর্স কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন।
রিসোর্স পার্সন হিসেবে আরও সেশন পরিচালনা করবেন উপজেলা নির্বাহী অফিসার, অফিসার ইনচার্জ (ওসি) সন্দ্বীপ থানা, সহকারী কমিশনার (ভূমি), মহিলা বিষয়ক কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা ও যুব উন্নয়ন কর্মকর্তা।
উপজেলা সমন্বয়কারী প্রশিক্ষণের পরিচালনায় সহযোগিতা করেন এবং গ্রাম আদালতের আইন ও বিধিবিধান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উল্লেখ্য, সন্দ্বীপ উপজেলার বাকি ১৫টি ইউনিয়নে মোট পাঁচ ব্যাচে ধাপে ধাপে একই ধরনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানটি আয়োজন করেছে উপজেলা প্রশাসন, সন্দ্বীপ, চট্টগ্রাম—বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়) প্রকল্পের আওতায়। প্রকল্পটি বাস্তবায়ন করছে স্থানীয় সরকার বিভাগ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়; ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি’র সহায়তায়।
ইএইচ