অমৃত জ্যোতি, মধ্যনগর (সুনামগঞ্জ)
নভেম্বর ৪, ২০২৫, ০২:৪৮ পিএম
সুনামগঞ্জের মধ্যনগর সুমেশ্বরী নদীর ওপর নির্মিত নতুন সেতু দিয়ে এখন নির্বিঘ্নে প্রবেশ করছে তিনচাকার যানবাহন। সেতুটি পুরোপুরি চালু হওয়ায় বদলে গেছে মধ্যনগর উপজেলার চিত্র।
ভিডিও নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হওয়ায় বিশেষ পরিচিতি পেয়েছে এই মধ্যনগর সেতু।
দীর্ঘদিন ধরে সেতু নির্মিত হলেও সঠিকভাবে ব্যবহার না হওয়ায় জনভোগান্তি নিয়ে জাতীয় দৈনিক আমার সংবাদসহ বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়।
স্থানীয় ছাত্রসমাজ, সচেতন মহল, যানবাহন শ্রমিক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক দাবি-দাওয়া ও কর্মসূচির পর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি।
এ প্রেক্ষিতে গত ২৭ অক্টোবর মধ্যনগর উপজেলা প্রশাসন সকল পক্ষের উপস্থিতিতে আলোচনা করে এবং পরদিন থেকে উপজেলা সদরের ব্রিজ চত্বরে তিনচাকার যানবাহনের অস্থায়ী স্ট্যান্ড নির্ধারণ করে দেয়।
পরবর্তী দিন থেকে সেতু পার হয়ে সদরেই অবস্থান করছে সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্র ও মোটরসাইকেলসহ তিনচাকার যানবাহনগুলো। এতে সাধারণ মানুষের ভোগান্তি দূর হয়েছে; সৃষ্টি হয়েছে স্বস্তির পরিবেশ।
আগে সেতু থাকা সত্ত্বেও এসব যানবাহনকে বাধ্যতামূলকভাবে পিঁপড়াকান্দা এলাকায় অবস্থান করতে হতো এবং মানুষকে ফেরী ব্যবহার করে পারাপার হতে হতো। এতে সময় লাগত প্রায় ৪০ মিনিট এবং অতিরিক্ত ভাড়া দিতে হতো যাত্রীদের। এতে ময়মনসিংহ ও রাজধানীগামী যাত্রীরা বিশেষভাবে ভোগান্তিতে পড়তেন।
বর্তমানে সেতু দিয়ে সরাসরি সদর এলাকায় যানবাহন প্রবেশ করায় জনদুর্ভোগের অবসান ঘটেছে।
বীর মুক্তিযোদ্ধা ইউনূস মিয়া জানান, “ফেরী বন্ধ হয়ে সদর পাড়ে যানবাহন আসায় আমরা খুবই সন্তুষ্ট। আজ দেখলাম ব্রিজ চত্বরে সারিবদ্ধভাবে সিএনজি, অটোরিকশা, মাহিন্দ্রসহ অন্যান্য যানবাহন দাঁড়িয়ে আছে। জনস্বার্থে এমন মহৎ উদ্যোগ নেওয়ায় মধ্যনগর উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানাই।”
মধ্যনগরবাসী আশা করছে, সেতু ব্যবহারের এই ধারাবাহিকতা এবং সঠিক ব্যবস্থাপনা ভবিষ্যতেও বজায় থাকবে, আর দ্রুতই এর স্থায়ী সমাধান হবে প্রশাসনের পক্ষ থেকে।
ইএইচ