সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫, ০৪:১১ পিএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মানিকগঞ্জ-২ আসনে মনোনয়ন পাওয়ায় ইউপি চেয়ারম্যান জাহিদুর রহমান সৌরভের নেতৃত্বে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় সিংগাইর উপজেলা যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদল ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দসহ সৌরভের নেতৃত্বে উপজেলার বিভিন্ন পয়েন্টে আনন্দ মিছিল করা হয়।
জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে ২৩৭ আসনে প্রাথমিক প্রার্থী তালিকা চূড়ান্ত করা হয়েছে। এর মধ্যে মানিকগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত।
সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তসহ ২৩৭ আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
ক্লিন ইমেজের অধিকারী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তকে মনোনয়ন দেওয়ায় স্থানীয় নেতৃবৃন্দ ও সমর্থকদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। খবরটি মুহূর্তের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। আনন্দ-উল্লাসে মেতে ওঠেন দলীয় নেতাকর্মীরা এবং বিভিন্ন স্থানে মিষ্টি বিতরণ করা হয়।
ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তের পিতা ছিলেন সাবেক শিল্পমন্ত্রী প্রয়াত সামসুল ইসলাম খান নয়া মিয়া। তিনি ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত একটানা চারবার এমপি ছিলেন। তাঁর মৃত্যুর পর ২০০৬ সালের উপ-নির্বাচনে ছেলে ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত প্রথমবারের মতো এমপি হন।
মনোনয়ন পাওয়ার পর ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “আমাকে ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনীত করায় দলের ত্যাগী নেতাকর্মীদের প্রতি সম্মান দেখানো হয়েছে। সিংগাইর, হরিরামপুর ও দক্ষিণ মানিকগঞ্জের সর্বস্তরের নেতাকর্মী ও জনগণকে সঙ্গে নিয়ে বিপুল ভোটে বিজয়ী হয়ে দলকে এই আসনটি উপহার দেব, ইনশাআল্লাহ।”
ইএইচ