বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
নভেম্বর ৪, ২০২৫, ০৭:৪৬ পিএম
পূর্ব শত্রুতার জের ধরে মঙ্গলবার কেদারপুর ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক জাহিদুর ইসলাম অপু খন্দকারকে পিটিয়ে গুরুতর জখম করেছে প্রতিপক্ষ জিসান বাহিনী। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনার মূল হোতা জিসানকে গ্রেপ্তার করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত তিন বছর আগে আগরপুর ইউনিয়নে গিয়েছিলো জিসান। যে কোন কারণবশত পুলিশের হাতে জিসানকে ধরিয়ে দেয় অপু। পূর্বের ঘটনার সূত্র ধরে খানপুরা একটি দোকানে অপুকে দেখে দুজনের মধ্যে তর্ক-বিতর্ক হয়। একপর্যায়ে জিসান ফোন করে তার দলবল ডেকে এনে অতর্কিত হামলা চালায় অপুর উপর। রহমতপুর ইউনিয়নের ক্ষুদ্রকাঠী গ্রামের মো. ইউসুফ মাস্টারের পুত্র জিসান। এতে তার একটি হাত ভেঙে যায় এবং মাথায় আঘাত করলে অপু জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যায়।
স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সংবাদ পেয়ে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু হাসপাতালে ছুটে যান জাহিদুর রহমান অপুর চিকিৎসার খোঁজখবর নিতে।
এ ব্যাপারে উপজেলা শ্রমিক দলের সভাপতি ফরিদ উদ্দিন আমার সংবাদকে বলেন, অপুর বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স বাহেরচর হাসপাতালে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুশ করা এক ভুক্তভোগী রোগীকে সাথে নিয়ে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে অভিযোগ করতে আসছিলেন। এর আগ মুহূর্তে উপজেলা প্রশাসনিক চত্বরে সন্ত্রাসী কর্তৃক আক্রান্ত হয়ে মারাত্মক জখম হয়ে শেরেবাংলা মেডিকেল হাসপাতালে ভর্তি করান স্থানীয়রা এবং অপু গুরুতর বলে জানান তিনি।
এয়ারপোর্ট থানার ওসি মো. আল মামুন-উল ইসলাম বলেন, শ্রমিক দলের সভাপতির উপর হামলার ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে এবং হামলার সাথে জড়িত মূল হোতা জিসানকে ঘটনা স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে।
ইএইচ