কালাই (জয়পুরহাট) প্রতিনিধি
নভেম্বর ৬, ২০২৫, ০৩:২২ পিএম
জনস্বাস্থ্য রক্ষায় খাদ্যের মান ও নিরাপত্তা নিশ্চিত করতে জয়পুরহাটের কালাইয়ে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
অভিযানে পচা ও বাসি খাবার সংরক্ষণের দায়ে কালাই সিএনজি স্ট্যান্ডে অবস্থিত বিসমিল্লাহ হোটেল-১ কে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামিমা আক্তার জাহান অভিযান পরিচালনা করেন।
অভিযানের সময় হোটেলের ফ্রিজে মাংস ও বাটা মসলা একত্রে রাখা এবং পচা ও বাসি খাবার সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়।
এসময় হোটেল মালিক আবু তাহেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি আগামী ১৫ দিনের মধ্যে হোটেলটি সম্পূর্ণ পরিষ্কার-পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়।
অভিযান শেষে ইউএনও শামিমা আক্তার জাহান সাংবাদিকদের বলেন, “খাদ্যপণ্য মানুষের স্বাস্থ্যের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। খাদ্যের মান নিয়ে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
ইএইচ