মেহের মামুন, মুকসুদপুর
নভেম্বর ৬, ২০২৫, ০৩:৫৪ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে ২০২৫-২৬ অর্থ বছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কার্যক্রমের আওতায় সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, গম, খেসারী, মসুর, মুগসহ শীতকালীন পেঁয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে মুকসুদপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. মো. মামুনুর রহমান।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মুকসুদপুর উপজেলা কৃষি অফিসার মো. মিজানুর রহমান।
উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ আবুল বাসার মিয়া।
এ সময় ১২'শ জন কৃষকের প্রত্যেককে ২০ কেজি গমের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৯৪০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সরিষা বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ১০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সূর্যমূখী উফশী বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৫৫ জন কৃষকের প্রত্যেককে এক কেজি সূর্যমূখী হাইব্রিড বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৪০ জন কৃষকের প্রত্যেককে ১০ কেজি চিনাবাদাম বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ১৩০ জন কৃষকের প্রত্যেককে এক কেজি শীতকালীন পেঁয়াজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার, ৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মুগের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার, ২৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি মসুরের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার এবং ২৯০ জন কৃষকের প্রত্যেককে ৮ কেজি খেসারীর বীজ, ১০ কেজি ডিএপি সার ও ৫ কেজি এমওপি সার বিতরণ করা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তারা জানান, এ ধরনের উদ্যোগে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উৎপাদন বৃদ্ধি ও কৃষি নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
ইএইচ