ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
নভেম্বর ৯, ২০২৫, ০৪:০৮ পিএম
দীর্ঘ ৮ বছর ধরে পড়ে থাকা ১ হাজার ৫০০টি দলিল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার অফিস দাবি না থাকায় এসব দলিল ধ্বংসের উদ্যোগ নিয়েছে।
রোববার দুপুরে সাব-রেজিস্ট্রার অফিসের সামনে আনুষ্ঠানিকভাবে এসব দলিল আগুনে পুড়িয়ে দেওয়া হয়।
নিবন্ধন অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী, কোনো দলিল যদি দুই বছরের বেশি সময় ধরে দাবিহীন অবস্থায় সাব-রেজিস্ট্রার অফিসে পড়ে থাকে, তবে তা আইন অনুযায়ী ধ্বংস করার বিধান রয়েছে। সেই নিয়ম মেনে ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ঘোড়াঘাট সাব-রেজিস্ট্রার অফিসে জমে থাকা দাবিহীন দলিলগুলো ধ্বংস করা হয়।
ঘোড়াঘাট উপজেলা সাব-রেজিস্ট্রার কামরুন নাহার বলেন, “দুই বছরের বেশি সময় ধরে দাবীহীন দলিল অফিসে থাকলে তা ধ্বংস করার নিয়ম রয়েছে। শুধু ধর্মীয় প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং ওয়াকফ স্টেটের দলিলগুলোকে বাদ দিয়ে অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী ২০১১ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত জমে থাকা এক হাজার ৫০০ দলিল আগুনে ধ্বংস করা হয়েছে।”
এ সময় ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ ছাড়াও অফিস সহকারী রুহিলা খাতুন, দলিল লেখক নকল নবীশ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
ইএইচ