গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
নভেম্বর ১০, ২০২৫, ০৩:২৪ পিএম
স্থানীয় সরকার বিভাগের “গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় ডিএমআইই পদ্ধতি বিষয়ক একদিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১০টায় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের হলরুমে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়।
ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র যৌথ সহায়তায় আয়োজিত এ প্রশিক্ষণে উপজেলার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা এবং হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটররা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের গ্রাম আদালত প্রকল্পের জেলা ম্যানেজার মো. শফিউল ইসলাম, উপজেলা প্রশাসনের উপ-প্রশাসনিক কর্মকর্তা মামুনুর রশীদ এবং উপজেলা কো-অর্ডিনেটর মো. বিপ্লব হোসেন।
প্রশিক্ষণে গ্রাম আদালত সক্রিয়করণের গুরুত্ব, ডিএমআইই পদ্ধতির বাস্তব প্রয়োগ এবং তথ্য উপস্থাপন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। স্ক্রিনে প্রদর্শনের মাধ্যমে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও ফাহমিদা আফরোজ বলেন, “গ্রাম আদালত কার্যকরভাবে পরিচালিত হলে গ্রামীণ জনগণ সহজে ও দ্রুত বিচারসেবা পাবে। স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় এই প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
ইএইচ