নুরুজ্জামান শেখ, শরীয়তপুর
নভেম্বর ১০, ২০২৫, ০৪:১৬ পিএম
শরীয়তপুর জেলায় আইনজীবি সমিতির কার্যালয় ও জজ কোটের ভি পি জিপি এবং চিকন্দি ইউনিয়ন বিএনপির সভাপতি অ্যাডভোকেট রুবায়েত আনোয়ার মনিরের চেম্বারে বোমা হামলার ঘটনা ঘটেছে। হামলায় আইনজীবি সমিতির দেয়াল এবং চেম্বারের সাটার ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে। পুলিশ বোমার আলামত উদ্ধার করেছে।
ঘটনাটি ঘটেছে রোববার দিবাগত রাত ১টার দিকে সদর উপজেলার চিকন্দি সহকারী জজ (মোনসেফ) আদালতের আইনজীবি সমিতির কার্যালয় এবং মনিরের চেম্বারে।
পুলিশের ও স্থানীয় সূত্রে জানা যায়, কে বা কারা বোমা হামলা চালিয়ে পালিয়ে গেছে। বিস্ফোরণের সময় আশপাশের মানুষ আতঙ্কিত হয়েছেন।
হামলার প্রতিবাদে সোমবার দুপুরে চিকন্দি আইনজীবি সমিতির উদ্যোগে সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে আইনজীবি ও সহকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হেলাল উদ্দিন আকন্দ, সভাপতি অ্যাড. আব্দুল মান্নান তালুকদার, অ্যাড. জাকির হোসেন তালুকদার প্রমুখ।
চিকন্দি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সজীব ফকির অভিযোগ করেন, আগামী ১৩ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মসূচি উপলক্ষে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য বোমা হামলা করা হয়েছে।
চিকন্দি আইনজীবি সমিতির সভাপতি অ্যাড. আব্দুল মান্নান তালুকদার বলেন, “রাতের অন্ধকারে আইনজীবি সমিতির কার্যালয় ও এক আইনজীবির চেম্বারে বোমা হামলা অত্যন্ত দুঃখজনক। যারা এই অন্যায় কাজ করেছে, তাদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”
চিকন্দি পুলিশ ফাঁড়ির এসআই মো. সুজন সিকদার বলেন, “রোববার রাত ১টার দিকে হামলার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বোমার সদৃশ কিছু বস্তু উদ্ধার করেছি। তদন্ত চলছে।”
ইএইচ