কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি
জুলাই ২০, ২০২৬, ০২:১৬ পিএম
‘লেনদেন হবে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কিশোরগঞ্জের কটিয়াদীতে পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখার উদ্যোগে ক্যাশলেস লেনদেন বিষয়ে সচেতনতামূলক র্যালি, আলোচনা সভা এবং বাংলা কিউআর বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) কটিয়াদী সরকারি কলেজের সামনে স্থাপিত পূবালী ব্যাংকের অস্থায়ী স্টল থেকে একটি সচেতনতামূলক র্যালি বের হয়ে বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানের উদ্বোধন করেন কটিয়াদী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হারুন অর রশীদ।
পূবালী ব্যাংক পিএলসি, কটিয়াদী শাখার ব্যবস্থাপক এটিএম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পূবালী ব্যাংক পিএলসি, ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আঞ্চলিক কার্যালয়ের এডিসি জোনাল ইনচার্জ সুমন বর্মন।
বক্তারা বলেন, ডিজিটাল আর্থিক ব্যবস্থার সম্প্রসারণে ক্যাশলেস লেনদেন এখন সময়ের দাবি। নিরাপদ, দ্রুত ও স্বচ্ছ লেনদেন নিশ্চিত করার পাশাপাশি নগদ অর্থ বহনের ঝুঁকি কমানো, আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধি এবং ব্যবসা-বাণিজ্যে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়াতে বাংলা কিউআর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তারা ব্যবসায়ী ও সাধারণ গ্রাহকদের মোবাইল ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিং, কার্ডভিত্তিক লেনদেন এবং কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আরও সচেতন হওয়ার আহ্বান জানান।
তারা আরও বলেন, ক্যাশলেস লেনদেনের মাধ্যমে প্রতিটি আর্থিক লেনদেনের ডিজিটাল রেকর্ড সংরক্ষিত থাকে, যা স্বচ্ছতা নিশ্চিত করতে সহায়ক। একই সঙ্গে গ্রাহক ও ব্যবসায়ীরা দ্রুত, সহজ এবং নিরাপদ উপায়ে অর্থ পরিশোধ ও গ্রহণ করতে পারেন। ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার প্রসার দেশের আধুনিক ব্যাংকিং ব্যবস্থাকে আরও গতিশীল করবে বলেও তারা মত দেন।
ক্যাম্পেইন উপলক্ষে গ্রাহকদের জন্য বিনামূল্যে ব্যাংক হিসাব খোলার সুযোগ, তাৎক্ষণিক বিনামূল্যে ডেবিট কার্ড প্রদান, পূবালী ব্যাংকিং অ্যাপে নিবন্ধন, ব্যাংক হিসাবের সঙ্গে বায়োমেট্রিক নিবন্ধন এবং ব্যবসায়ীদের জন্য পিওএস ও বাংলা কিউআর সেবা গ্রহণের সুযোগ রাখা হয়।
এ ছাড়া বাংলা কিউআর ব্যবহারে গ্রাহকদের উৎসাহিত করতে ৫ টাকা পরিশোধের মাধ্যমে এক প্যাকেট বিস্কুট অথবা এক বোতল পানি দেওয়া হয়।
আলোচনা সভা শেষে উপস্থিত ব্যবসায়ীদের মধ্যে বাংলা কিউআর বিতরণ করা হয়। এ সময় আনুষ্ঠানিকভাবে জুবায়ের ইলেকট্রিকের শীতল কুমার সাহা, জনি মোটরসের আল আমিন, রাতুল মেশিনারিজের প্রতিনিধি এবং রানা ট্রেডার্সের প্রতিনিধির হাতে বাংলা কিউআর হস্তান্তর করা হয়। একই সঙ্গে কিউআর কোডের মাধ্যমে ডিজিটাল পেমেন্ট ব্যবহারের ব্যবহারিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক, শিক্ষক, শিক্ষার্থী, গণ্যমান্য ব্যক্তি এবং পূবালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ কটিয়াদীতে ক্যাশলেস লেনদেনের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ডিজিটাল অর্থনীতি বাস্তবায়নে সহায়ক হবে।
এম জি