আমার সংবাদ ডেস্ক
জুলাই ২০, ২০২৬, ০১:০৮ পিএম
রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করা এবং অপরাধ নিয়ন্ত্রণে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। দায়িত্ব গ্রহণের পর থেকেই ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের নির্দেশনায় রাজনৈতিক পরিচয়, ব্যক্তিগত প্রভাব কিংবা সামাজিক অবস্থান বিবেচনা না করে অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর নির্দেশনা অনুযায়ী, কোনো সন্ত্রাসী বা অপরাধীকে দল-মত নির্বিশেষে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং তাদের প্রতি অপ্রয়োজনীয় সৌজন্যও প্রদর্শন করা হবে না।
ডিএমপি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যনির্ভর অভিযান, আকস্মিক চিরুনি তল্লাশি এবং অপরাধপ্রবণ এলাকাভিত্তিক বিশেষ অভিযানের ফলে রাজধানীর তালিকাভুক্ত অপরাধী, ছিনতাইকারী ও মাদক কারবারিদের মধ্যে চাপ তৈরি হয়েছে। নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে অপরাধ সংঘটনের আগেই তা প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।
গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন বিভাগ পরিচালিত অভিযানে মোট ৪৬০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় রাজধানীর বিভিন্ন থানায় ৪৯টি মামলা দায়ের করা হয়েছে।
বিভাগভিত্তিক গ্রেফতারের মধ্যে মিরপুর বিভাগে ১২৬ জন, তেজগাঁও বিভাগে ৬২ জন, ওয়ারী বিভাগে ৫৭ জন, মতিঝিল বিভাগে ৫৬ জন, উত্তরা বিভাগে ৪৭ জন, রমনা বিভাগে ৩৯ জন, গুলশান বিভাগে ৩৪ জন, লালবাগ বিভাগে ৩৩ জন এবং গোয়েন্দা বিভাগ (DB) ৬ জনকে গ্রেফতার করেছে।
অভিযান চলাকালে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে ১২ হাজার ৮৪টি ইয়াবা ট্যাবলেট, ১২০ গ্রাম গাঁজা, ১০০ বোতল নিষিদ্ধ Eskuf সিরাপ এবং নগদ ৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে রাজধানীর শান্তিনগর এলাকায় ছিনতাই প্রতিরোধে পরিচালিত পৃথক এক অভিযানে রমনা থানাধীন বেইলি রোড সংলগ্ন সিদ্ধেশ্বরী গার্লস স্কুলের আশপাশে ছদ্মবেশী অভিযান চালায় ডিএমপির City Admin and Logistics শাখার একটি বিশেষ দল। রবিবার (১৯ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে ছিনতাইয়ের প্রস্তুতিকালে মোঃ হোসেন ইমন (১৯) নামে এক তরুণকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে রমনা থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিনে তুরাগ ও শেরেবাংলা নগর থানা এলাকায় পরিচালিত সমন্বিত অভিযানে মোট ২১ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে তুরাগ থানা ১১ জন এবং শেরেবাংলা নগর থানা ১০ জনকে আটক করে। তাদের মধ্যে বিভিন্ন মামলার আসামি, পরোয়ানাভুক্ত ব্যক্তি এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত সন্দেহভাজনরা রয়েছেন।
অন্যদিকে যাত্রাবাড়ী থানা এলাকায় পরিচালিত পৃথক অভিযানে আরও ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা ও পরোয়ানা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
ডিএমপি জানিয়েছে, কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের নেতৃত্বে অপরাধ দমনে নতুন কৌশল অনুসরণ করা হচ্ছে। এ কৌশলে অপরাধ সংঘটনের পর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি অপরাধের আগেই তা প্রতিরোধে গুরুত্ব দেওয়া হচ্ছে।
ডিএমপির এই কৌশলের মধ্যে রয়েছে রাজনৈতিক পরিচয় বিবেচনা না করে অপরাধের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ, অপরাধপ্রবণ এলাকায় Hotspot-ভিত্তিক আকস্মিক Block Raid পরিচালনা, জনবহুল এলাকায় Civil Dress-এ বিশেষ নজরদারি জোরদার এবং গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দ্রুত বিচার প্রক্রিয়ায় প্রয়োজনীয় আলামত ও তথ্যপ্রমাণ আদালতে উপস্থাপনের ব্যবস্থা করা।
পুলিশের দাবি, এসব কার্যক্রমের ফলে রাজধানীতে অপরাধ নিয়ন্ত্রণে ইতিবাচক পরিবর্তন দেখা যাচ্ছে এবং নগরবাসীর নিরাপত্তাবোধও বাড়ছে। রাজধানীর প্রতিটি এলাকাকে নিরাপদ না করা পর্যন্ত এ ধরনের সমন্বিত বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ডিএমপি।
এম জি