জহিরুল হক রাসেল, কুমিল্লা
নভেম্বর ১০, ২০২৫, ০৭:২১ পিএম
কুমিল্লার চৌদ্দগ্রামে ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজন নিহত এবং পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারী রয়েছেন।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যায় উপজেলার লাকসাম-চৌদ্দগ্রাম আঞ্চলিক সড়কের ফেলনা কাজী বাড়ী ইউটার্নে। বিষয়টি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হিলাল উদ্দিন আহাম্মেদ।
প্রাথমিক তথ্য অনুযায়ী, লাকসাম থেকে চৌদ্দগ্রাম যাওয়ার পথে একটি ট্রাকের সাথে চৌদ্দগ্রাম থেকে নাঙ্গলকোট গামী একটি সিএনজি ও একটি অটোর মুখোমুখি সংঘর্ষ ঘটে। সংঘর্ষে সিএনজিটি ধুমড়ে মুছড়ে ট্রাকের নিচে চলে যায়। খবর পেয়ে স্থানীয়রা এবং ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
ঘটনাস্থলেই দুইজন পুরুষ ও একজন নারী নিহত হন। নিহতরা সবাই সিএনজির যাত্রী। এই সময় আরও পাঁচজন আহত হন।
আহতরা হলেন, নাঙ্গলকোট উপজেলার মহিশ্বর গ্রামের আবুল বাশারের ছেলে আবু তৈয়ব (২৬), একই উপজেলার বাঙ্গড্ডার জাহাঙ্গীর হোসেনের ছেলে আব্দুর রহিম (২৭), আলী হোসেনের ছেলে অটো চালক মাহবুবুল হক ও আবুল কালামের স্ত্রী আনোয়ারা বেগম (৪২)। স্থানীয়দের সহায়তায় তাদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এদের মধ্যে আব্দুর রহিম, আনোয়ারা বেগম, আবু তৈয়বসহ অজ্ঞাত আরও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অটো চালক মাহবুবুল হক জানান, “লাকসাম থেকে চৌদ্দগ্রাম যাওয়া ট্রাকটি বেপরোয়া গতিতে আসছিল। আমি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির পিছনে ধাক্কা দিই। এতে তিনটি যানবাহনের ত্রিমুখি সংঘর্ষ হয়।”
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিলাল উদ্দিন আহাম্মেদ বলেন, “দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছেছে। ট্রাক, সিএনজি ও অটোর ত্রিমুখি সংঘর্ষে এখন পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ট্রাকের ভিতরে সিএনজি ঢুকে যাওয়ায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।”
ইএইচ