দিরাই প্রতিনিধি
নভেম্বর ১২, ২০২৫, ০৮:৫৮ পিএম
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী, যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আজমল হোসেন চৌধুরী জাবেদ-এর নেতৃত্বে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে মিছিলটি বাসস্টেশন-এর আজমল কমিউনিটি সেন্টার থেকে শুরু হয়ে দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে থানা রোডের জালাল সিটি সেন্টারের সামনে সমাবেশে মিলিত হয়।
সমাবেশে জাবেদ চৌধুরী বলেন, “আজকের প্রখর রোদে কষ্ট করে মিছিল ও সমাবেশে যোগ দিয়ে আপনারা যে আমার প্রতি ভালোবাসা দেখিয়েছেন, এ ভালোবাসার প্রতিদান দেওয়ার যোগ্যতা আমার নেই। আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান ও বিএনপিকে ভালোবাসেন বলেই সকল কাজ-কর্ম ফেলে মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করেছেন। আমি বিশ্বাস করি, আপনারা যে শ্রম দিয়েছেন তা বৃথা যাবে না। আগামীতে দেশ গড়ার আন্দোলনে আপনারা আমাকে ভালোবাসা দিয়ে সহযোগিতা করবেন। আমি দীর্ঘদিন ধরে বিএনপিকে সুসংগঠিত করতে এলাকায় কাজ করে যাচ্ছি। আমি আশাবাদী, দল আমার কাজের মূল্যায়ন করবে।”
সমাবেশে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইকবাল হোসেনসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
ইএইচ