ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
নভেম্বর ১৩, ২০২৫, ০৫:০২ পিএম
আগামীর বাংলাদেশ বিনির্মাণে এই তরুণ শিক্ষার্থীরাই সবচেয়ে অগ্রণী ভূমিকা পালন করবে বলে আমি মনে করি। সকলকে নিয়েই আমরা আধুনিক ঘাটাইল নির্মাণ করবোই ইনশাআল্লাহ।
বৃহস্পতিবার দুপুরে ঘাটাইল উপজেলার সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠ প্রাঙ্গণে আয়োজিত “শিক্ষার মান উন্নয়ন ও মাদকমুক্ত সমাজ গঠন” উপলক্ষে অভিভাবক ও ছাত্র সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাঈদ।
এ সময় তিনি আরও বলেন, ২৪-এর গণঅভ্যুত্থান পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের বিশৃঙ্খলা রোধে সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে উপজেলা প্রশাসন ধারাবাহিক মতবিনিময় সভার আয়োজন করে থাকে। মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে এ ধরনের আয়োজন শিক্ষার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।
সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের সভাপতি মো. বায়োজিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ গোলাম মুক্তার আশরাফ উদ্দিন, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শফিকুল ইসলাম।
এ সময় আরও বক্তব্য রাখেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল বাছেদ আকন্দ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং তিন শতাধিক অভিভাবক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন সন্ধানপুর গণ উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের প্রভাষক আবুল কালাম আজাদ।
ইএইচ