আইয়ুব খান সরকার, নরসিংদী
নভেম্বর ১৯, ২০২৫, ০৭:০০ পিএম
জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে নরসিংদী সদর উপজেলার বারেক গাজী হত্যা মামলার আসামি সিদ্দিক সরকারকে (৫২) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার সকালে সিলেট থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১১ এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিদ কবীর সেরনিয়াবাত।
তিনি জানান, র্যাব-১১, সিপিএসসি নরসিংদী ও র্যাব-৯ সিলেটের যৌথ অভিযানে তাকে আজ বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট মহানগরীর কোতোয়ালী থানাধীন বাগবাড়ী এতিম স্কুল রোড এলাকা থেকে আটক করা হয়।
র্যাব জানায়, সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সিদ্দিক সরকারকে গ্রেপ্তার করা সম্ভব হয়।
এজাহার সূত্রে জানা যায়, গত ১৫ নভেম্বর দুপুর ১টা ১৫ মিনিটের দিকে নরসিংদী সদর উপজেলার মেবীপুর এলাকায় নিজ বাড়ির পুকুরপাড়ে কাজ করছিলেন আব্দুল বারেক বেপারী (৭৫)। এ সময় জমি সংক্রান্ত পূর্ববিরোধের জেরে সিদ্দিক সরকারসহ এজাহারনামীয় আরও ছয়জন এবং অজ্ঞাতনামা কয়েকজন মিলে তাকে কাজ করতে নিষেধ করে এবং ধস্তাধস্তির একপর্যায়ে শ্বাসরোধে হত্যা করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহতের ছেলে গাজী নূর মোহাম্মদ নরসিংদী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নরসিংদী র্যাব-১১ এর কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. মুহিত কবীর সেরনিয়াবাত বলেন, "গ্রেফতারকৃত সিদ্দিক সরকারকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় হস্তান্তর করা হয়েছে।"
ইএইচ