নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ২১, ২০২৫, ০৭:১৩ পিএম
বাংলাদেশে শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে নরসিংদী জেলার মাধবদী এলাকায় রিখটার স্কেলে ৫.৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এটি গত কয়েক দশকে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প।
এর আগে ভূমিকম্পের উৎপত্তি সিলেট ও নোয়াখালী অঞ্চলে হলেও নরসিংদীর উৎপত্তি ঢাকার কাছাকাছি হওয়ায় এটি বিশেষভাবে নজরকাড়া ঘটনা হিসেবে মনে করা হচ্ছে।
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পূরকৌশল বিভাগের অধ্যাপক ও ভূমিকম্প গবেষক মেহেদি আহমেদ আনসারী বলেন, ‘বাংলাদেশের মধ্যে টেকটোনিক প্লেটের যে পাঁচটি সোর্স আছে, তার মধ্যে নোয়াখালী থেকে শুরু করে কক্সবাজার, নোয়াখালী থেকে সিলেট এবং সিলেট থেকে ভারতের দিকে ফাটল বিস্তৃত। নরসিংদী অঞ্চলে এই ছোট ফাটলের কারণে ভূমিকম্পের উৎপত্তি অস্বাভাবিক নয়।’
এই ভূমিকম্পে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভয় ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ৭ জন নিহত এবং দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। পাশাপাশি নগরীর বেশ কিছু ভবনও ক্ষতিগ্রস্ত হয়েছে।
ঢাকা জেলা প্রশাসন এই পরিস্থিতিতে জরুরি ভিত্তিতে একটি ‘নিয়ন্ত্রণ কক্ষ’ চালু করেছে। জেলা প্রশাসকের কার্যালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা শাখা থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পের পরপরই ক্ষয়ক্ষতির সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ এবং প্রয়োজনীয় উদ্ধার তৎপরতা পরিচালনার জন্য কন্ট্রোল রুম খোলা হয়েছে।
ঢাকার জেলা প্রশাসক মো. রেজাউল করিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সাধারণ জনগণকে দুর্ঘটনা সম্পর্কিত তথ্য আদান-প্রদানের জন্য কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।
নিয়ন্ত্রণ কক্ষের নম্বর
মোবাইল: ০১৭০০-৭১৬৬৭৮
ফোন: ০২-৪১০৫১০৬৫
জেলা প্রশাসন জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর সজাগ নজর রাখছে এবং ক্ষতিগ্রস্তদের সহায়তায় প্রয়োজনীয় কার্যক্রম অব্যাহত রাখবে।
ইএইচ