জহিরুল হক রাসেল, কুমিল্লা
নভেম্বর ২১, ২০২৫, ০৭:৩৩ পিএম
কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শোভাযাত্রা চলাকালে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোট চাওয়া হয় এবং জামায়াতের সমর্থনে বিভিন্ন স্লোগান প্রদান করা হয়।
শুক্রবার সকালে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে এবং ঢাকা-চট্টগ্রাম সুয়াগাজী নগরীর চকবাজার হয়ে কুমিল্লা নগরীতে শেষ হয়।
কর্মসূচিতে জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে দাঁড়িপাল্লা প্রতীকের প্ল্যাকার্ড দেখা যায়। এ সময় ছাদখোলা গাড়ি থেকে সড়কের দু’পাশে দাঁড়িয়ে থাকা মানুষদের হাত নেড়ে শুভেচ্ছা জানান কাজী দ্বীন মোহাম্মদ।
শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগর আমির এবং কুমিল্লা-৬ (সদর ও সদর দক্ষিণ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ। তিনি বলেন, “আমাদের প্রিয় মাতৃভূমিকে দুর্নীতি, অবিচার ও স্বৈরাচার থেকে মুক্ত করতে হলে কোরআন ও সুন্নাহভিত্তিক সমাজ গঠন ছাড়া বিকল্প নেই। জনগণের কল্যাণে এবং আল্লাহর সন্তুষ্টির জন্যই আমাদের রাজনীতি। আমরা ঐক্যবদ্ধভাবে ইসলামী আন্দোলনকে বিজয়ের পথে এগিয়ে নিতে চাই।”
তিনি আরও বলেন, “সন্ত্রাস, চাঁদাবাজি ও হানাহানি বাদ দিয়ে সকলে মিলে নতুন বাংলাদেশ গড়ে তুলব। আগামী দিনের ন্যায়ভিত্তিক ও ইনসাফমুখী সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। এ জন্য সবাইকে একত্রিত হয়ে ভবিষ্যতে দাঁড়িপাল্লা প্রতীককে বিজয়ী করার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করার আহ্বান জানাই।”
কাজী দ্বীন মোহাম্মদ নির্বাচিত হলে কুমিল্লা সদর-সদর দক্ষিণ এলাকায় রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ ও সংস্কার, স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন এবং বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবেন। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠানের মানোন্নয়ন, নতুন স্কুল-কলেজ স্থাপন, স্বাস্থ্যসেবা ব্যবস্থার উন্নয়ন, হাসপাতাল আধুনিকীকরণ এবং কমিউনিটি ক্লিনিকের সংখ্যা বৃদ্ধি করার অঙ্গীকার ব্যক্ত করেন।
তিনি বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নত রাখা এবং মাদক ও সন্ত্রাস দমনেও সক্রিয় ভূমিকা রাখব। নগরবাসীর পানি সরবরাহ, বিদ্যুৎ ব্যবস্থা, পয়ঃনিষ্কাশন এবং বর্জ্য ব্যবস্থাপনার মতো মৌলিক নাগরিক সুবিধা নিশ্চিত করব।”
শোভাযাত্রার সময় কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারী মু. মাহবুবর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী কামারুজ্জামান সোহেল, কাউন্সিল মোশাররফ হোসাইন, নাছির আহম্মদ মোল্লা, সাবেক চেয়ারম্যান জহিরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ