দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
নভেম্বর ২৬, ২০২৫, ০৪:৪৪ পিএম
পঞ্চগড়ের দেবীগঞ্জে উৎসবমুখর পরিবেশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী–২০২৫ এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুর ১২টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দপ্তর প্রাঙ্গণে এ প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হুমায়ুন কবিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নাঈম মোর্শেদ, দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সোয়েল রানা, তদন্ত ওসি প্রবীর কুমার সরকার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোছাঃ শিরিন আক্তার, দেবীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জাকির হোসেন কবির রাজু, এবং দেবীগঞ্জ উপজেলা প্রেস ক্লাবের সভাপতি হরিশ চন্দ্র রায়। এছাড়াও বিভিন্ন খামারি, যুব উদ্যোক্তা, নারী খামারি ও দর্শনার্থীরা প্রদর্শনীতে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. হুমায়ুন কবির বলেন, “প্রাণিসম্পদ খাতকে আধুনিক, নিরাপদ ও আয়ের স্থায়ী উৎসে পরিণত করতে সরকার নিরলসভাবে কাজ করছে। প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি এবং সময়োপযোগী পরামর্শ প্রদানের মাধ্যমে দেবীগঞ্জকে একটি মডেল প্রাণিসম্পদ জেলায় গড়ে তুলতে আমরা কাজ করে যাচ্ছি।”
তিনি আরও বলেন, “আজকের এই প্রদর্শনী খামারিদের অভিজ্ঞতা বিনিময়ে সহায়ক ভূমিকা রাখছে। নতুন উদ্যোক্তারা বাস্তব ধারণা পাচ্ছেন। ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনাও রয়েছে।”
স্থানীয় তুহিন ডেইরি ফার্মের স্বত্বাধিকারী মো. তুহিন মিঞা জানান, “এ ধরনের প্রদর্শনী আমাদের আত্মবিশ্বাস বাড়ায়। নতুন জাত, খাদ্য ও চিকিৎসা সম্পর্কে হাতে-কলমে জানতে পারছি।”
নারী ভেড়া খামারি ফাতেমা বেগম বলেন, “উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সহযোগিতায় ভেড়ার খামার গড়ে তুলেছি। এখন আমি স্বাবলম্বী।”
উদ্বোধন শেষে অতিথি ও দর্শনার্থীরা গবাদিপশু, হাঁস-মুরগি, দুগ্ধজাত পণ্য, প্রাণিসম্পদ খাদ্য, আধুনিক প্রযুক্তি ও বিভিন্ন উদ্ভাবনী প্রদর্শনী স্টল পরিদর্শন করেন।
দেবীগঞ্জে প্রাণিসম্পদ উন্নয়নে এ আয়োজন নতুন উদ্যোক্তাদের অনুপ্রেরণা জোগাবে বলে আশা করেছেন আয়োজকরা।
ইএইচ