কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
নভেম্বর ২৭, ২০২৫, ১১:৩৭ পিএম
চট্টগ্রাম-১৩ (আনোয়ারা–কর্ণফুলী) আসনে বিএনপির ঘোষিত প্রাথমিক প্রার্থী সরোয়ার জামাল নিজামের মনোনয়ন বাতিলের দাবিতে ফের মশাল মিছিল ও বিক্ষোভ করেছে তৃণমূল বিএনপির নেতাকর্মীরা।
বৃহস্পতিবার রাতে কর্ণফুলীর বাদামতল এলাকা থেকে শুরু হওয়া মশাল মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়। এতে অংশ নেন শতাধিক ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মী।
বিক্ষোভকারীরা অভিযোগ করেন, সরোয়ার জামাল অতীতে দলের দুঃসময়ে বিদেশে অবস্থান করলেও বর্তমানে সুবিধাবাদী হিসেবে মনোনয়ন পেয়েছেন। তাদের দাবি—তার অতীত রাজনৈতিক কর্মকাণ্ড ও পরিচয় বিএনপির আদর্শের সঙ্গে সাংঘর্ষিক। তৃণমূলের সঙ্গে তার কোনো সাংগঠনিক সম্পৃক্ততা নেই বলেও অভিযোগ ওঠে।
একাধিক নেতা দাবি করেন, “ধানের শীষের তৃণমূল কখনোই সরোয়ার জামালকে গ্রহণ করবে না। মনোনয়ন বাতিল না হলে কর্মসূচি আরও কঠোর হবে।”
চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ইতোমধ্যে ১০টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। তবে ঘোষিত আসনগুলোর একাধিকটিতে মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ বিভাজন দেখা দিয়েছে। এর মধ্যে সবচেয়ে আলোচিত চট্টগ্রাম-১৩ আসনটি তৃণমূল পর্যায়ে দীর্ঘদিন ধরে বিএনপির একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে বিবেচিত।
সরোয়ার জামালের মনোনয়ন ঘোষণার পর গত এক মাস ধরে আনোয়ারা-কর্ণফুলী এলাকায় ধারাবাহিক বিক্ষোভ করে আসছেন লায়ন হেলাল উদ্দিনের অনুসারীরা।
গত ২১ নভেম্বর কাফনের কাপড় পরে সরোয়ার জামালকে বয়কটের ডাক দিয়ে বিশাল বিক্ষোভ মিছিল হয় চৌমুহনী মোড়ে। এর আগে ১৩ নভেম্বর কালাবিবির দিঘীর মোড়ে অনুষ্ঠিত মশাল মিছিলে কর্মীরা সড়ক অবরোধ করেন এবং সরোয়ার জামালের কুশপুত্তলিকা দাহ করেন।
এক প্রবীণ বিএনপি নেতা বলেন, “৩০ বছরের রাজনীতিতে কোনো প্রার্থীর বিরুদ্ধে এমন তৃণমূল ঐক্যবদ্ধতা দেখিনি। কেন্দ্রীয় সিদ্ধান্তে বিলম্ব হলে পরিস্থিতি আরও জটিল হবে।”
সরোয়ার জামালের মনোনয়ন বাতিল চেয়ে ১৩ নভেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে লিখিত অভিযোগ পাঠান দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আলী আব্বাস ও কর্ণফুলী উপজেলা বিএনপির আহ্বায়ক এস এম মামুন মিয়া।
স্থানীয় পর্যায়ে অনেকেই মনে করছেন, এই মনোনয়ন বহাল থাকলে তৃণমূলে ব্যাপক বিভাজন, দলভাঙা ও ভোটব্যাংকে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এক জেলা নেতা মন্তব্য করেন, “ত্যাগী নেতাদের উপেক্ষা করা হলে নির্বাচনী মাঠ হাতছাড়া হওয়ার ঝুঁকি রয়েছে।”
মশাল মিছিলে বিএনপি ও অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী অংশ নেন। “চট্টগ্রাম-১৩ রিভিউ”, “বিশ্বাসঘাতক বয়কট”, “আনোয়ারা–কর্ণফুলীতে সুবিধাবাদীর ঠাঁই নেই”—এমন নানা স্লোগানে মুখরিত ছিল পুরো এলাকা। প্রায় দুই ঘণ্টা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন নেতাকর্মীরা।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন কর্ণফুলী বিএনপি নেতা কামরুল, সায়েম, মোরশেদ, সাকিব, ইউসুফ, আবির, সাইমন, ফয়সাল, আমিন, ফোরকান, মহিউদ্দিন, আলমগীর, টিপু প্রমুখ।
উল্লেখ্য গত ৪ নভেম্বর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেন। সেখানেই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সংসদীয় আসনে সাবেক সাংসদ সরওয়ার জামাল নিজামের নাম ঘোষণা করা হয়।
ইএইচ