পার্বত্যাঞ্চল প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৫, ০৬:১৪ পিএম
খাগড়াছড়ির গুইমারা রিজিয়নের অধীন মাটিরাঙ্গা ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি জোনের সেনাবাহিনীর বিশেষ অভিযানে রিপন ত্রিপুরা (১৯) নামে পাহাড়ের অনিবন্ধিত আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সহকারী কালেক্টরকে আটক করা হয়েছে।
শনিবার দুপুরে মাটিরাঙ্গা পৌরসভার রসুলপুর রাবার বাগান এলাকায় অভিযান পরিচালনার সময় তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি, দুটি মোবাইল ফোন, চাঁদা আদায়ের রশিদ বই ও নগদ টাকা উদ্ধার করা হয়।
মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম জানান, জিজ্ঞাসাবাদ শেষে আটক রিপন ত্রিপুরা ও জব্দ করা সামগ্রী শনিবার বিকেল সাড়ে ৩টায় মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
জেএইচআর