সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
ডিসেম্বর ৪, ২০২৫, ০৭:৫৪ পিএম
ঘন কুয়াশা ও ঠাণ্ডায় জনজীবন বিপর্যস্ত হয়েছে উত্তরের জেলা কুড়িগ্রাম। হিমেল হাওয়া ও ঘন কুয়াশায় দুর্ভোগে জনপদের মানুষ। সড়কে হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। তাপমাত্রা কমে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছে এ অঞ্চলের খেটে খাওয়া, দিনমজুর, নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
কুড়িগ্রামে বৃহস্পতিবার সকাল ৬টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
তীব্র ঠাণ্ডা উপেক্ষা করে জীবিকা নির্বাহের তাগিদে বেরিয়ে পড়েছেন রিকশাচালক, ঘোড়ারগাড়ি চালক, ভ্যানচালক, দিনমজুর সহ নানা শ্রেণি-পেশার মানুষ।
যাত্রাপুর ইউনিয়নের ঘোড়ারগাড়ি চালক আবুল মিয়া (৬০) বলেন, "আজ কুয়াশা ও ঠাণ্ডায় বাড়িত থাকি বের হওয়া যায়, বাড়ি থাকি বের হওয়া যায় না। কি করবো কাম করি তো খাওয়া লাগবে তাই বের হইছি।"
কুড়িগ্রাম সদর উপজেলার পৌর শহরের রিকশাচালক আমিনুর ইসলাম (৫০) বলেন, "ঠাণ্ডায় বাড়িত থাকি বের হয়েছি ভাড়া নাই। লোকজন বাইরে বের হবার না পারলে ভাড়া হইবে কি করে? এখন পর্যন্ত ২০ টাকা পাইছি। সংসার কীভাবে চলবে চিন্তায় আছি।"
রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ বৃহস্পতিবার জেলায় সকাল ৬টায় ১২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
"দিনে দিনে শীত আরও প্রকট হচ্ছে। তবে তাপমাত্রার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। হিমেল বাতাস ও ঘনকুয়াশায় দুর্ভোগে পড়ছে মানুষ।"
ইএইচ