ইলিয়াছ সুমন, সন্দ্বীপ
ডিসেম্বর ৪, ২০২৫, ০৯:২৯ পিএম
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসন, সংসদীয় আসন ২৮০, এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে মোস্তফা কামাল পাশার নাম ঘোষণা করেছে দলটি।
বৃহস্পতিবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেন।
দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার অধিকারী মোস্তফা কামাল পাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে তার রাজনৈতিক যাত্রা শুরু করেন। ১৯৭৩ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি টানা চারবার রহমতপুর ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ১৯৯০ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হন। এরপর ১৯৯৬, ২০০১ ও ২০০৮ সালে সন্দ্বীপ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। বর্তমানে তিনি বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মনোনয়ন ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মোস্তফা কামাল পাশা বলেন, “আজই সন্দ্বীপের মানুষের বহু দিনের আশা পূরণ হয়েছে। এখন আমার একটাই লক্ষ্য: সন্দ্বীপ আসনটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উপহার দেওয়া।”
মনোনয়ন ঘোষণা ঘিরে স্থানীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উচ্ছ্বাস দেখা গেছে।
ইএইচ