কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ডিসেম্বর ৮, ২০২৫, ০৮:১৭ পিএম
গাজীপুরে মাত্র ১৫ হাজার টাকা চুক্তিতে বন মামলার আসামির বদলে প্রক্সি হিসেবে আদালতে হাজিরা দিতে গিয়ে কারাগারে গেলেন সাইফুল ইসলাম (৩১) নামে এক যুবক। তিনি কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের মোথাজুড়ী তালচালা গ্রামের রহিম বাদশার ছেলে।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর বন আদালতের সহকারী পরিচালক নূর মোহাম্মদ।
তিনি জানান, রবিবার (৭ ডিসেম্বর) গাজীপুর বন আদালতে একটি মামলার প্রধান আসামি সাত্তার মিয়ার বদলে সাইফুল হাজিরা দিতে আসলে বিষয়টি আদালতের নজরে আসে। পরে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।
জানা গেছে, একই গ্রামের মো. আফজাল উদ্দিনের ছেলে সাত্তার মিয়া (৪৫)-এর নামে কালিয়াকৈর উপজেলার কাচিঘাটা রেঞ্জের আওতাধীন সদর বিটে বন বিভাগ একটি মামলা দায়ের করেছিল। মামলার নির্ধারিত তারিখে আইনজীবী শ্যামল ১৫ হাজার টাকার চুক্তিতে জামিন করিয়ে দেওয়ার আশ্বাস দিয়ে সাইফুলকে প্রক্সি হিসেবে আদালতে পাঠান।
কিন্তু প্রক্সি দেওয়ার বিষয়টি ধরা পড়লে আদালত সাইফুল ইসলামকে কারাগারে প্রেরণের আদেশ দেন।
ইএইচ