কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫, ০৩:৪০ পিএম
গাজীপুর-১ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মেয়র মজিবুর রহমানের দলীয় মনোনয়ন পাওয়ায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে দোয়া মাহফিল ও বিশাল আনন্দ র্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় লক্ষাধিক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
মঙ্গলবার সকালে কালিয়াকৈর উপজেলার পল্লী বিদ্যুৎ ট্রাক স্ট্যান্ড এলাকায় বিএনপির অস্থায়ী কার্যালয়ে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র্যালি বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে পুনরায় ট্রাক স্ট্যান্ড এলাকায় এসে শেষ হয়। র্যালিতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী অংশগ্রহণ করেন। পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ ও নেতাকর্মীদের উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
প্রধান অতিথি মজিবুর রহমান বলেন, "গাজীপুর-১ আসনের মানুষের ভালোবাসা আমাকে অনুপ্রাণিত করে। ন্যায়-নিষ্ঠা ও সৎ রাজনীতির মাধ্যমে এলাকাবাসীর আস্থা অর্জন করতে চাই। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করছি।"
ইএইচ