দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
ডিসেম্বর ৯, ২০২৫, ০৪:১৮ পিএম
পঞ্চগড়ে ট্রাকচাপায় মুমতাহীনা আফরোজ (৪৫) নামে এক স্কুলের প্রধান শিক্ষিকা নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী সাইফুল ইসলাম আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পঞ্চগড় পৌরসভার দক্ষিণ তেলিপাড়া এলাকায় পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুমতাহীনা আফরোজ পঞ্চগড়ের দেবীগঞ্জ পৌরসভার মুন্সীপাড়া এলাকার বাসিন্দা এবং দেবীগঞ্জ পারফেক্ট একাডেমির প্রধান শিক্ষিকা ছিলেন। আহত সাইফুল ইসলাম শেখবাঁধা রেয়াজিয়া দাখিল মাদরাসার সুপার হিসেবে কর্মরত।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অফিসিয়াল কাজে মোটরসাইকেলযোগে দেবীগঞ্জ থেকে পঞ্চগড় শহরের দিকে আসছিলেন দম্পতি। মহাসড়কের ওই স্থানে পৌঁছানোর পর সড়কে থাকা স্পিড ব্রেকারে ধাক্কা লেগে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান তারা। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান মুমতাহীনা আফরোজ। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ মরদেহ উদ্ধার করে এবং আহত সাইফুল ইসলামকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
দুর্ঘটনার পর স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে স্পিড ব্রেকার অপসারণের দাবিতে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করেন। পরে জেলা প্রশাসক কাজী মো. সায়েমুজ্জামান ঘটনাস্থলে এসে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল ইসলাম জানান, "দুর্ঘটনায় জড়িত ট্রাকটি আটক করা হয়েছে। এবং সড়ক দুর্ঘটনা আইনে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।"
ইএইচ