সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
ডিসেম্বর ৯, ২০২৫, ০৬:০৩ পিএম
কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও ক্রাইম কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার কুড়িগ্রাম জেলার সম্মানিত নাগরিকদের নিরাপত্তা প্রদান এবং নাগরিক সেবাকে আরও ত্বরান্বিত করতে জেলা পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা, দক্ষতা, পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে কুড়িগ্রাম জেলা পুলিশের মাস্টার প্যারেড, মাসিক কল্যাণ সভা ও আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিনের শুরুতেই সকাল ৮টায় কুড়িগ্রাম পুলিশ লাইন্স মাঠে মাস্টার প্যারেড অনুষ্ঠিত হয়। মাস্টার প্যারেডে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম।
সকাল ১০টায় মাস্টার প্যারেড শেষে কুড়িগ্রাম পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম এর সভাপতিত্বে পুলিশ লাইন্স মাল্টিপারপাস ড্রিলশেডে "মাসিক কল্যাণ সভা" অনুষ্ঠিত হয়। কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশের সকল সদস্যদের বিভিন্ন সমস্যার বিষয়ে পুলিশ সুপার অবগত হন এবং সকল সমস্যা দ্রুত সমাধানের জন্য দায়িত্বশীলদের নির্দেশনা প্রদান করেন তিনি।
এছাড়াও কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত ৩ জন পুলিশ সদস্যের অবসর জনিত বিদায় উপলক্ষে কুড়িগ্রাম জেলা পুলিশ এর পক্ষ থেকে বিদায় সংবর্ধনা জানান পুলিশ সুপার। মাসিক কল্যাণ সভায় কুড়িগ্রাম জেলা পুলিশে বিভিন্ন ক্ষেত্রে পেশাদারিত্ব ও প্রশাসনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রাখায় নভেম্বর মাসে মোট ১২ জনকে পুরস্কৃত করা হয়।
পাশাপাশি দুপুর ১২টায় পুলিশ সুপারের কার্যালয় কনফারেন্স রুমে নভেম্বর/২০২৫ মাসের "মাসিক আইন শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা" অনুষ্ঠিত হয়। সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কুড়িগ্রাম জেলায় সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ একটি নির্বাচন সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্রের সর্বোচ্চ নিরাপত্তা প্রদান ও সকল পুলিশ সদস্যদের সর্বোচ্চ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার।
কুড়িগ্রাম জেলার পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, পিপিএম মাসিক সভায় জেলায় সন্ত্রাসবাদ, সাম্প্রদায়িক উসকানি, মাদক নির্মূল, অপরাধ দমন, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ যে কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে সকল অফিসার ও ফোর্সদের আইনের আলোকে দিকনির্দেশনা প্রদান করেন। সততা, সাহসিকতা, কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের পুলিশিং সেবা প্রদানের কঠোর নির্দেশনা ও প্রেষণা প্রদান করেন। এছাড়াও কুড়িগ্রাম জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কুড়িগ্রাম অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামান, সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার মো. মাসুদ রানা, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম, পিপিএম, ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন, রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির, কুড়িগ্রাম পুলিশ হাসপাতালের মেডিকেল অফিসার মো. আখতারুজ্জামান ও সকল থানা ও ইউনিট প্রধান সহ বিভিন্ন ইউনিটের অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।
ইএইচ