রাকিবুল হাসান, রাজশাহী
ডিসেম্বর ১১, ২০২৫, ১২:১৯ পিএম
রাজশাহীতে জমিজমা ও পূর্ববিরোধের জেরে ছুরিকাঘাতে শান্ত (২৬) নামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের এক কর্মী নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরীর আলীগঞ্জ পূর্বপাড়ায় দুর্বৃত্তরা তাকে শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে রামেক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস জানান, হাসপাতালে আনার আগেই শান্তর মৃত্যু হয়। তার শরীরে একাধিক গভীর জখম ছিল বলেও তিনি জানান।
ঘটনার পর রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করা হয়। মামলার ১ নম্বর আসামি রিপন (৪৩)-কে বৃহস্পতিবার ভোরে বাঘার নারায়নপুর এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। রিপন রাজপাড়া থানার বসুয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, রিপনসহ অন্যান্য আসামিরা সুদের ব্যবসার সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িত ছিল। এই বিরোধের জের ধরেই শান্তকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। মামলায় মোট তিনজন আসামি রয়েছে। পলাতক অন্য দুই আসামিকে গ্রেপ্তারে অভিযান চলছে।
জেএইচআর