মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৪৫ পিএম
গোপালগঞ্জের মুকসুদপুরে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রী দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
রোববার বিকেলে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেপ্তারকৃতরা হলো, মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামের মো. আকু শেখের ছেলে বোরহান শেখ (৪১) এবং তার স্ত্রী জামিলা বেগম (৩৪)।
সহকারী পরিচালক মোহাম্মদ নবী নেওয়াজ জানান, বিপুল পরিমাণ মাদকদ্রব্য বেচাকেনা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর উপজেলার গুপ্তগাতী গ্রামে অভিযান চালানো হয়। এ সময় মাদক ব্যবসায়ী বোরহান শেখের বাড়িতে অভিযান চালিয়ে ১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মাদকদ্রব্য বিক্রির দায়ে বোরহান শেখ ও তাঁর স্ত্রী জামিলা বেগমকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, উদ্ধারকৃত গাঁজাসহ গ্রেপ্তারকৃতদের মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।
ইএইচ