সাইফুল ইসলাম, কুড়িগ্রাম
ডিসেম্বর ১৬, ২০২৫, ০৫:৩৪ পিএম
সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস-২০২৫ পালিত হয়েছে। মঙ্গলবার সূর্যোদয়ের প্রাক্কালে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
কুড়িগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (উপ-সচিব) মো. ফিরুজুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বি এম কুদরত-এ-খুদা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. জাকির হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) এ.এস.এম মুক্তারুজ্জামানসহ মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কুড়িগ্রাম প্রেসক্লাব এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।

পরে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এক মিনিট নীরবতা পালন শেষে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে কালেক্টরেট চত্বরে ও সরকারি-বেসরকারি ভবনসমূহে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এছাড়া দিনব্যাপী বিজয় মেলা, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য, জাতির জন্য শান্তি ও অগ্রগতি কামনা করে মসজিদ, মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে মোনাজাত ও প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অপরদিকে হাসপাতাল, জেলখানা, এতিমখানা, বৃদ্ধাশ্রম ও শিশু পরিবারসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
এছাড়াও সকালে জেলা বিএনপি ও জেলা জামায়াতে ইসলামী পৃথক পৃথকভাবে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র্যালি বের করে শহর প্রদক্ষিণ করে।
ইএইচ