জুবেল হাসান রানেল, নারায়ণগঞ্জ
ডিসেম্বর ২০, ২০২৫, ০৬:৪০ পিএম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বালুর মাঠ থেকে মস্তকবিহীন মরদেহ উদ্ধারের চারদিনের মাথায় চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার দুপুরে নারায়ণগঞ্জ পিবিআই কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
পিবিআই পুলিশ সুপার মোস্তফা কামাল জানান, এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রুহুল আমিন ওরফে রাব্বি (২৬) নামে এক যুবককে শুক্রবার রাতে ঢাকার মধ্য বাড্ডা থেকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত রুহুল আমিন এই নৃশংস হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছেন।
ঘটনার বিবরণীতে জানা যায়, গত ১৬ ডিসেম্বর সকালে আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদি এলাকার একটি বালুর মাঠ থেকে অজ্ঞাত এক যুবকের মস্তকবিহীন দেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করা হয়। নিহত যুবকের নাম আব্রাহাম খান ওরফে আলিম খান, যিনি গত ১৫ ডিসেম্বর থেকে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় নিহতের বাবা ওয়াজেদ আলী খান বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মামলা করেন।
পিবিআই আরও জানায়, গ্রেপ্তারকৃত রুহুল আমিনের খালার সঙ্গে নিহতের প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে আব্রাহাম ওই নারীকে ‘ব্ল্যাকমেইল’ করতে শুরু করলে পরিবারটি ক্ষুব্ধ হয়। এর জেরে রুহুল আমিন ও তার খালা মিলে পরিকল্পিতভাবে আব্রাহামকে রাজবাড়ী থেকে আড়াইহাজারে ডেকে আনেন। সেখানে দা দিয়ে কুপিয়ে তাকে হত্যার পর পরিচয় গোপন করতে মাথা বিচ্ছিন্ন করে ডোবায় ফেলে দেওয়া হয় এবং দেহটি বালুর মাঠে ফেলে রাখা হয়।
পুলিশ সুপার মোস্তফা কামাল বলেন, গ্রেপ্তারকৃত রুহুল আমিনকে আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠানোর প্রক্রিয়া চলছে। এই হত্যাকাণ্ডে জড়িত রুহুলের খালাসহ অন্য আসামিদের ধরতেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ইএইচ